ঈদুল ফিতরের ছুটিতে সারা দেশে ২১ জন খুন এবং ৩ শতাধিক আহত
ঈদুল ফিতরের ছুটি চলাকালে সারা দেশে বিভিন্ন ঘটনায় ২১ জন খুন এবং তিন শতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন মারা গেছে ক্রসফায়ারে ।
চুয়াডাঙ্গা, চট্টগ্রাম, সিলেট, গোপালগঞ্জ, হিলি (দিনাজপুর), শেরপুর, নারায়ণগঞ্জ, কুড়িগ্রাম, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, বরিশাল এবং ফেনী ও নেত্রকোনায় এসব ঘটনা ঘটে।
বিডিনিউজ চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপমনগর গ্রামে ঈদের জামাতের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম সাধু বিশ্বাস (৩৮)। শনিবার হাসপাতালে তার মৃত্যু হয়।
গ্রামবাসীরা জানায়, ঈদের দিন গ্রামের ঐতিহ্য অনুযায়ী ঈদগায় পুরাতনপাড়া মসজিদের ইমাম শরিফুল ইসলাম বয়ান শুরু করেন এবং বয়ান শেষে নামাজ পড়াতে গেলে নওদাপাড়ার লোকজন তার পাঞ্জাবি ধরে টান দিয়ে সরিয়ে দেয়। এসময় নওদাপাড়ার লোকজন দাবি করে, নওদাপাড়া মসজিদের ইমাম জাহাঙ্গীর নামাজ পড়াবেন। এ নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে নামাজ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এরপর হান্নান মাস্টারের নেতৃত্বে নওদাপাড়ার একদল লোক লাঠি, দা, হাসুয়াসহ পুরাতনপাড়ার লোকজনের ওপর হামলা চালায়। ঈদগাহ মাঠের বাঁশ নিয়ে পাল্টা হামলা চালায় পুরাতনপাড়ার লোকজন। এসময় দু’পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে সাধু বিশ্বাস সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা গেছে। অন্যদের মধ্যে আমিরুল, পল্টু, আলিমুদ্দিন, মোমিনুল, শাহীন, লোকমান, তোতা, আলী হোসেন এবং বোরহানের অবস্থা গুরুতর।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের কাট্টলিতে অজ্ঞাত দুর্বৃত্তরা একজন কৃষককে কুপিয়ে হত্যা করেছে। নিহত মোহাম্মদ হোসেন (৩২) লতিফপুর গ্রামের আবদুস সাত্তারের পুত্র।
সীতাকুণ্ড থানা পুলিশ শনিবার সকাল ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মুস্তাফা হাকিম মেটার্নিটি সেন্টারের সামনে একটি ভ্যান থেকে তার লাশ উদ্ধার করে।
শুক্রবার ঈদের দিন বিকেল চারটার দিকে কতিপয় ব্যক্তি মোহাম্মদ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। পুলিশের ধারণা, শুক্রবার কোনও এক সময় তাকে হত্যা করা হয়।
নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল লতিফ বিডিনিউজকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ সিলেট প্রতিনিধি জানান, সিলেটের পাঠানতলা এলাকায় শনিবার ভোরে র্যাবের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম সেগুন।
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে শহরের জিন্দাবাজার এলাকা থেকে র্যাব-৯ এর একটি দল সেগুনকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে সে র্যাবের কাছে তার অস্ত্র ভাণ্ডার এবং সহযোগীদের সম্পর্কে তথ্য দেয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব তাকে নিয়ে অভিযানে বের হয়। ভোর ৩টায় পাঠানতলা এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়।
এসময় সেগুন র্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।
আশংকাজনক অবস্থায় সেগুনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় র্যাবের দুই সদস্য আহত হন।
র্যাব ঘটনাস্থল থেকে একটি রিভলবার এবং কয়েক বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
সেগুনের বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা ছিল।
বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, ঈদের জামাত পড়া নিয়ে সংঘর্ষে শেরপুর সদর উপজেলার লছমনপুর গ্রামে মুর্শীদপুর বদরুদ্দোজা পীরের সমর্থকদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
আহতদের মধ্যে কমপক্ষে ২৫ জনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলায় লছমনপুর গ্রামের পূর্বপাড়া গুদারাঘাট ঈদগাহ মাঠের ঈদের জামাত পণ্ড হয়ে যায়। এছাড়াও একটি মসজিদ ও পাঁচটি বাড়িতে হামলা চালানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে ১২ টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। একজন প্রথম শ্রেনীর মেজিস্ট্রেট ও এএসপি সার্কেলের নেতৃত্বের পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ।
পীরের মুরীদ ও গ্রামবাসীর দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো বলে পুলিশ জানায়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের বরফকল এলাকার আলপনা ডাইং-এর সামনে শুক্রবার ভোরে র্যাবের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম আহাদ।
র্যাব জানায়, সন্ত্রাসী আহাদকে র্যাব-১০ এর একটি দল সোমবার বিকেলে ডিআইটি মার্কেট থেকে গ্রেপ্তার করে।
আহাদ র্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তার দেওয়া তথ্য অনুযায়ী র্যাব তাকে সাথে নিয়ে ওই স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে আহাদ র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।
তার বিরুদ্ধে চাঞ্চল্যকর দয়াল মাসুদ হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে।
সন্ত্রাসী আহাদের বাড়ি শহরের ২ নং বাবুরাইল এলাকায়। তার পিতার নাম আলমাস।
খুলনা প্রতিনিধি জানান, খুলনার বটিয়াঘাটায় বৃহস্পতিবার ভোরে পুলিশের ক্রসফায়ারে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা প্রজাপতি বিশ্বাস ওরফে প্রদীপ বিশ্বাস (৩৫) নিহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, প্রজাপতি বিশ্বাসকে মঙ্গলবার রাতে বটিয়াঘাটার বলাবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার সহযোগী ও অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তার স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তাকে সাথে নিয়ে টেংরামুখি নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রদীপের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় প্রদীপ পুলিশ হেফাজত থেকে পালানোর সময় ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী বন্দুক, একটি এয়ার গান এবং চার রাউণ্ড গুলি উদ্ধার করে।
প্রদীপের বিরুদ্ধে ট্রিপল মার্ডারসহ ছয়টি মামলা রয়েছে।
বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাইমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।
নিহত ডাকাতের নাম কবির (৩৬)।
তার বাড়ি কসবার বায়েক ইউনিয়নের কান্দারপাড় গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাত একটার দিকে গ্রামের খুরশিদ আলমের বাড়িতে একদল ডাকাত নগদ ২০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে কবিরকে আটক করে গণপিটুনি দেয়।
কবিরকে আশংকাজনক অবস্থায় কসবা হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।
পুলিশ ডাকাত দলের অপর সদস্য জামালকে গাজীসার গ্রাম থেকে গ্রেপ্তার করে।
যশোর প্রতিনিধি জানান, বেনাপোলের ঘিবা সীমান্তের বিপরীতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বিএসএফ সদস্যরা এক বাংলাদেশী কৃষককে গুলি করে হত্যা করেছে।
নিহত কৃষকের নাম শামসুর রহমান। তার বাড়ি শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামে।
বিডিআরের সিও জানান, শামসুর রহমানসহ তিন কৃষক সীমান্ত এলাকা ঘিবার একটি ধানেেত কাজ করছিলেন।
এ সময় ঘিবার বিপরীতে ভারতীয় শুটিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা কৃষকদের ল্য করে দুই/তিন রাউণ্ড গুলি ছোঁড়ে।
এতে শামসুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।
অপর দুই কৃষক দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান। বিএসএফ সদস্যরা নিহত কৃষকের লাশ ভারতে নিয়ে গেছে।
সংবাদ পেয়ে বিডিআর ঘটনাস্থলে যায় এবং বিএসএফ সদস্যদের সাথে এক বৈঠকে মিলিত হয়।
বিডিআর তাদের কাছে লাশ ফেরত চেয়েছে। এ ব্যাপারে বিডিআর সদস্যরা বিএসএফ’র কাছে একটি প্রতিবাদ লিপি পাঠবে বলে জানা যায়।
এছাড়াও গত তিনদিনে পৃথক ঘটনায় একজন পাসপোর্ট যাত্রী ও তিন গৃহবধূর অস্বভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো, চট্টগ্রামের নিরঞ্জন ধর (৪০), যশোর সদরের আফরোজা খাতুন (২০), শাহিদা (৩০) এবং রিতা রাণী দাস (২৫)।
বরিশাল প্রতিনিধি জানান, ঈদের দিনে বরিশালে স্বামীর হাতে খুন হয়েছেন কানাডীয় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিডা’র কর্মকর্তা দিলরুবা হক পাপিয়া (৩৪)। শহরের কলেজ রোড এলাকায় শ্বশুর বাড়িতে নিহত হন তিনি। ঢাকার অদূরে গাজীপুরে ছিলো তার কর্মস্থল।
সূত্র জানায়, নিহতের পিতা এ ঘটনায় মামলা দায়ের করতে চাইলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। উপরন্তু পুলিশের সহযোগিতা নিয়ে ঘাতক স্বামীর পরিবার তরিঘড়ি করে লাশ কবর দেয়।
নিহতের পিতা শাহ জাফরুল হক ঢাকা মৌচাকের বাসিন্দা। তিনি জানান, পাপিয়া সিডা’র লিগ্যাল এইড কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী মামুন মোর্শেদ তুহিন কলেজ রোডেই বাস করেন।
পারিবারিক সূত্র জানায়, পাপিয়া শুক্রবার ঈদের দিন সকালে তার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে যান এবং বিকেলে তাকে হত্যা করা হয়।
শ্বশুরবাড়ির লোকেরা হত্যার ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করে এবং অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা তড়িঘড়ি করে তাকে কবরস্থ করে।
খবর পেয়ে পাপিয়ার পরিবারের লোকেরা বরিশাল ছুটে যান এবং তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করেন।
পরিবারের সদস্যরা বিডিনিউজকে জানান, হত্যাকারী তুহিন মাদকাসক্ত। তার নিজের কোনও আয় ছিলো না এবং অনেক দিন ধরেই টাকার জন্যে স্ত্রীর ওপর বিভিন্ন ধরনের অত্যাচার চালাতো। তারই ধারাবাহিকতায় পাপিয়াকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার নবীনগর উপজেলায় শুক্রবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছে।
ঈদের জামাতের পর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষ হবার পর পরই দু’পক্ষের কয়েক শ’ লোক দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে বিল্লাল মিয়া (৩৫) মারা যায়। উভয় পক্ষের আহত হয় প্রায় ৭০ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক। আহতদের আনেককেই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ভৈরবনগর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঈদের ছুটিতে জেলায় বিভিন্ন ঘটনায় তিনজন নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার গোপীনাথপুরে স্থানীয় মসজিদের ইমাম জুলহাস কাজী মফিজুর রহমান (২২) নামে এক যুবককে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এলাকাবাসী জানায়, শনিবার রাতে মফিজুরের পিতা চোর আখ্যা দিয়ে ওই ইমামের পেছনে নামাজ পড়তে অস্বকৃতি জানানোয় সে ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।
অন্যদিকে টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর হাতে স্ত্রী নাজমা বগেম (৩০) নিহত হয়েছে।
একই দিনে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ফারুক শেখ নামে এক ব্যক্তিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে নিহতের পারিবারিক সূত্র দাবি করছে। অন্যদিকে ফারুকের শ্বশুরবাড়ির লোকজন দাবি করছে ফারুকের স্ত্রী তাকে পরকীয়া প্রেম ছেড়ে দিতে বললে ফারুক রাজী না হয়ে উল্টো স্ত্রীর ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করে।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ঈদের ছটির সময় জেলায় দুটি খুন ও একটি অপমৃত্যুর ঘটনা ঘটে।
বুধবার রাতে সদর উপজেলার বালাকান্দি কৈকুড়ি গ্রামে রিক্সাচালক ফজলুকে (৩২)কে বা কারা গলা কেটে হত্যা করে। বৃহস্পতিবার পুলিশ রাজারহাট এলাকায় রাস্তার পাশের এক খাদ থেকে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ফজলুর স্ত্রী সদর উপলোয় একটি হত্যা মামলা দায়র করে।
অন্যদিকে একই রাতে নাগেশ্বরী উপজেলার গাবতলা বাজার এলাকার দিনমজুর মজিবর রহমানের শিশুপুত্র আমিনুল ইসলামকে (১০) মারাত্মক জখম করে পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে যায়। বৃহস্পতিবার তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলজ হাসপাতালে নেয়া হলে সে মারা যায়।
একই দিন রাজারহাট উপজেলার খিতাব খাঁ সদরপাড়া গ্রামে পারিবারিক কোন্দলের জের ধরে নুরবানু (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, বিরামপুরের শিমুলতলী ঈদগাহে নামাজ শেষে মোনাজাত ও ইমামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাবুল (৪২) নামে একজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে।
এ ব্যাপারে বিরামপুর থানায় ১১ জনকে অভিযুক্ত করে মামলা দায়র করা হয়েছে।
বিডিডিনউজ ফেনী প্রতিনিধি জানান, জেলার সোনাগাজী উপজেলার বাগদানা ইউনিয়নে শনিবার সকালে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বিডিনিউজ নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের পূর্ব শত্রুতার জের ধরে সুনিশ্চয় সরকার নামে এক ব্যক্তি খুন হয়েছে।
সূত্র জানায়, বিকেলে নিজ বাড়িতে বিশ্রামরত সুনিশ্চয়কে পাশের বাড়ির বিনয় চৌধুরী (২৬) ধারালো দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
