সার্ক সম্মেলন উপলক্ষে ঢাকায় দুগের্র মতো নিরাপত্তা
ঢাকায় ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠেয় সার্ক সম্মেলনকে সামনে রেখে এলিট ফোর্সসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় রাজধানী এখন প্রায় দুর্গে পরিণত হয়েছে।
মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) আব্দুল কাইউম বলেন, সম্মেলন উপলক্ষে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রাথমিকভাবে নিয়োজিত করা হয়েছে। সোমবার সকাল থেকে আইন প্রয়োগকারী সংস্থার সদ্যদের পূর্ণাঙ্গভাবে মাঠে নামানো হবে।
চলতি বছরের জানুয়ারিতে প্রথম সার্ক সম্মেলনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতোমধ্যে তা দু’বার পিছিয়ে গেছে। ইতোপূর্বে একবার সুনামির কারণে এবং পরে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় ভারত সম্মেলনে যোগ দিতে রাজি না হওয়ায় পরপর দু’বার সম্মেলন বাতিল হয়ে যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সোমবার থেকে প্রায় ৩০ হাজার পুলিশ নগরীতে পাহারার দায়িত্বে থাকবে। তাদের মধ্যে ২০ হাজার দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাকে রাজধানীর বাইরে থেকে আনা হয়েছে।
তাদের সঙ্গে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে আধা সামরিক বাহিনী বাংলাদেশ রাইফেলস, কোস্ট গার্ড, এলিট স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং র্যাবের ১০ হাজার সদস্যও নিয়োজিত থাকবে।
ইতোমধ্যেই নগরীতে ব্যাপকভাবে আইন প্রয়োগকারী সংস্থা নিয়োজিত করা হয়েছে। বিশেষ করে সার্ক নেতৃবৃন্দ যেখানে থাকবেন এবং যে সমস্ত ভেন্যুতে সম্মেলন অনুষ্ঠিত হবে, সেগুলোর আশপাশে তাদের বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে দেখা যায়।
বিডিনিউজ-এর সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, গোটা নগরী নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবে এবং এটি উচ্চ পর্যায় থেকে সমন্বয় এবং পরিবীক্ষণ করা হবে। কাজেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ন্যূনতম সম্ভাবনাও থাকছে না।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, ত্রয়োদশ সার্ক সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে প্রতি মুহূর্তের পরিস্থিতি মনিটর করা হচ্ছে।
তিনি বলেন, প্রস্তুতিমূলকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাতে আমি সন্তুষ্ট। এমনকি ঈদের দিনেও মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা কাজ করেছেন। এটি সবার সম্মেলন। সম্মেলন সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী বলেন, কর্মকর্তারা ঢাকা ঘোষণা নিয়ে কাজ করছেন। তবে বিষয়টি সদস্য দেশগুলোর নেতৃবৃন্দই চূড়ান্ত করবেন। তিনি ইঙ্গিত করেন, নেতৃবৃন্দ স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমানও সম্মেলন উপলক্ষে প্রাথমিকভাবে গৃহীত ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন।
ঢাকায় ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠেয় সার্ক সম্মেলন উপলক্ষে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। সম্মেলন উপলক্ষে ৬ নভেম্বর রোববার রাত ১২টা থেকে ১৪ নভেম্বর সোমবার রাত ১২টা পর্যন্ত বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সেনাবাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, সার্ক সম্মেলন চলাকালে জিয়া বিমানবন্দরে থাকছে দ্বিতীয় ও তৃতীয় স্তরের নিরাপত্তা সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ এবং ‘ইয়োলো অ্যালার্ট’। সম্মেলনের সময় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব থাকছে এসএসএফ। তাদের সহায়তা করবে র্যাব, অতিরিক্ত পুলিশ, আনসার ও সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ নভেম্বর রাত ১২টা থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত জিয়া বিমানবন্দরে ইয়োলো অ্যালার্ট এবং ১০ নভেম্বর রাত ১২টা থেকে ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি হচ্ছে। বিমানবন্দরে ১১ নভেম্বর রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা ইয়োলো অ্যালার্ট এবং ১২ নভেম্বর রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে।
এরই মধ্যে বিমানবন্দরে সক্রিয় ১৭টি সামরিক-বেসামরিক নিরাপত্তা সংস্থার সদস্যরা সার্ক সম্মেলনকে নির্বিঘ্ন করতে জিয়া বিমানবন্দরে নিরাপত্তার মহড়া দিয়েছেন। সেখানে ডগ স্কোয়াড দিয়ে চালানো হচ্ছে তল্লাশি।
জিয়া বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) আজাদ জহিরুল ইসলাম বিডিনিউজকে জানান, সার্ক সম্মেলন উপলক্ষে ৬ নভেম্বর রাত ১২টা থেকে পরবর্তী সাতদিন জিয়া বিমানবন্দর সিল করে দেওয়া হবে। তবে এসময় যাত্রী চলাচলে কোনও বিঘ্ন ঘটবে না।
সিএসও জানান, সার্ক সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে অরেঞ্জ অ্যালার্ট চলাকালে বিমানবন্দরে শুধু যাত্রীরাই প্রবেশ করতে পারবেন। এসময় কোনও দর্শনার্থীকে বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
ঢাকা মহানগরী পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান রোববার বিডিনিউজকে বলেন, তারা পুরোপুরি প্রস্তুত।
রাজধানীর বাইরে থেকে আনা ২০ হাজার পুলিশ কর্মকর্তারা পুরাতন বিমানবন্দর, মিরপুরের দাঙ্গা পুলিশ ঘাঁটি, মিরপুরের পুলিশ স্টাফ কলেজ ক্যাম্প করবে। প্রতিটি ঘাঁটিতে ৪০ হাজার কর্মকর্তা থাকবে। বাকিরা রাজারবাগ পুলিশ লাইনে থাকবে।
নিরাপত্তা সূত্র জানায়, নভেম্বরের ১০ তারিখ থেকে নগরীতে রেড অ্যালার্ট জারি করা হবে। নভেম্বরের সাত তারিখ থেকে থাকবে অরেঞ্জ অ্যালার্ট। নভেম্বরের ১১ তারিখ অবশিষ্ট ছয়টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বাংলাদেশে অবতরণ করবেন।
প্রতিনিধিবৃন্দের থাকা ও বৈঠক মিলিয়ে আটটি ভেন্যুতে বিশেষ নজরে রাখা হবে। ভেন্যুর এক কিলোমিটার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা নজর থাকবে।
পুলিশ বিভাগ কর্মকর্তা-কর্মচারিদের সকল ছুটি বাতিল করেছে। এমনকি ঈদের ছুটিতেও বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারিকে স্টেশন ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
