চট্টগ্রামে ঈদের দিনে কৃষককে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুন্ডের কাট্টলিতে অজ্ঞাত দুর্বৃত্তরা একজন কৃষককে কুপিয়ে হত্যা করেছে। নিহত মোহাম্মদ হোসেন (৩২) লতিফপুর গ্রামের আবদুস সাত্তারের পুত্র।
সীতাকুন্ডু থানা পুলিশ শনিবার সকাল ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মুস্তাফা হাকিম মেটার্নিটি সেন্টারের সামনে একটি ভ্যান থেকে তার লাশ উদ্ধার করে।
শুক্রবার ঈদের দিন বিকেল চারটার দিকে কতিপয় ব্যক্তি মোহাম্মদ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। পুলিশের ধারণা, শুক্রবার কোন এক সময়ে তাকে হত্যা করা হয়।
নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মামলার তদন্তকারি কর্মকর্তা আবদুল লতিফ বিডিনিউজকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে।
নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
