২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষ্যে রাজধানী শূন্য

ঈদ মানেই আনন্দ। আর এ ঈদের আনন্দ আপন জনের সাথে ভাগাভাগি করে নিতে রাজধানীর হাজার হাজার মানুষ নাড়ীর টানে ছুটে গেছে যে যার গন্তব্যে। আর তাই রাজধানী হয়ে পড়েছে ফাঁকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2005, 07:53 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার রাজধানীর চেহারা ছিল একেবারেই অন্যরকম। অন্যান্য দিনের কোলাহলমুখর নগরী ছিলো না মোটেই। যত ভীড় বাসস্ট্যান্ড ও ট্রেন স্টেশনে। ঘরমুখো মানুষদের শেষ সুযোগ নিয়ে বাড়ি ফেরার তাড়া।

নগরীর রাস্তায় বাস, রিকশা, সিএনজি অটোরিক্সা, টেম্পু চলাচল কম ছিল। বাসগুলোতে বাদুরঝোলা যাত্রী দেখা যায়নি।

তার মধ্যেও নিউ মার্কেট গাউসিয়া এলাকাসহ বিভিন্ন শপিং মল ও বিপনী বিতানগুলোতে কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। যারা থেকে গেছেন কতর্ব্যরে খাতিরে তাদের কেনা কাটার দিন ছিলো এদিন। তবে তা অন্যান্য দিনের তুলনায় অনেক কম।

বৃহস্পতিবার থেকেই তিনদিনের সরকারি ছুটি শুরু হয়েছে।

রাস্তায় যানবাহন কম চলায় রিকশা ও অটো রিকশার চাালকরা সুযোগ বুঝে যাত্রীদের কাছে বেশি ভাড়া আদায় করছেন।

যানজট ও বায়ূ দূষণ কম থাকায় নগরবাসী কিছুটা স্বস্তিও বোধ করেছেন।

এক হিসেবে দেখা গেছে পবিত্র ঈদ পালন করতে রাজধানী ছেড়ে গেছেন ৫০ লাখ মানুষ। তবে শুক্রবার ঈদ হওয়ায় তিনি দিনেই শেষ হয়ে যাচ্ছে ঈদের ছুটি। ৬ নভেম্বর আবার শুরু হবে রাজধানীর কর্মব্যস্ততা। শনিবার থেকেই সকলে আবার রাজধানীতে ফিরতে শুরু করবে।