২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিডিআরের হামলায় ১ জন গুলিবিদ্ধ, লাঠিচার্জে আহত দু’শতাধিক

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় বিডিআরের অতর্কিত হামলায় আতাহার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ এবং লাঠিচার্জে দুই শতাধিক গ্রামবাসী আহত হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 08:54 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ঘটনা সম্পর্কে বিডিআর জানায়, মাদকদ্রব্য উদ্ধারের জন্যে আতাহারের বাড়িতে তল্লাশি চালাতে গেলে স্থানীয় জনগণের সাথে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে।

অন্যদিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাহাতুল্লাহ জানান, বিডিআর সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে গ্রামবাসীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত রোববার সকালে গাংনী উপজেলার সাহেব নগর বাজারে ৫৫ জন কাপড় ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের মুখে ৩০ লাখ টাকা ছিনতাই করা হয়। এ ঘটনার জের ধরে কাজীপুরের গ্রামবাসীরা ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী সাহেব নগর গ্রামের লাল্টুকে না পেয়ে তার পিতা আনিসকে (৬০) ধরে আতাহার নামে এক মিল শ্রমিকের বাড়িতে আটকে রাখে।

খবর পেয়ে বিডিআরের একদল সদস্য গত মঙ্গলবার রাতে চোরাচালানের মাল উদ্ধারের নামে আতাহারের বাড়িতে অভিযান চালায়। তারা ঘরের দরজা ভেঙ্গে আতাহারকে বাইরে এনে মাটিতে ফেলে পায়ে গুলি করে। গুলির শব্দে গ্রামবাসীরা এগিয়ে এলে বিডিআর সদস্যরা ১৫/১৬ রাউন্ড গুলি করে আতাহারকে নিয়ে চলে যায়। বিডিআর সদস্যরা সন্ত্রাসী লাল্টুর পিতা আনিসকে তার বাড়িতে ফেরত দিয়ে গেছে।

মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ আতাহারের সন্ধান না পেয়ে স্থানীয় জনগণ সংঘবদ্ধ হয়ে উঠলে কাজীপুর, সহড়াতলা, খাসমহল, তেঁতুলবাড়িয়া সীমান্ত ক্যাম্পের বিডিআর সদস্যারা কাজীপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নারী পুরুষদের বেধড়ক মারধর করে। গ্রামবাসীরা এ সময় ভয়ে ছুটে পালাতে থাকে। এ ঘটনায় দুই শতাধিক নারী পুরুষ আহত হয়। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিডিআর কাজীপুর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার ময়েন উদ্দিন এ প্রসঙ্গে বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় জনগণের সাথে ভুল বুঝাবুঝির কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশাসনের ‘প্র’ বাদ দিয়ে জনগণকে শাসন করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাহাতুল্লাহ এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন।