২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আদালতে বোমা হামলার চার্জশিট দাখিল

চট্টগ্রাম আদালতে ৩ অক্টোবরের বোমা হামলার ঘটনায় জামা’আতুল মুজাহিদীন-বাংলাদেশ (জেএমবি)’র প্রধান শায়খ আবদুর রহমান ও তার ভাই আতাউর রহমান সানিসহ মোট চারজনকে অভিযুক্ত করে দু’টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে বুধবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দুটির তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ এ চার্জশিট পেশ করেন।

আবুল কালাম আজাদ বিডিনিউজকে জানিয়েছেন, চার্জশিটে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান শায়েখ আবদুর রহমান, তার ভাই আতাউর রহমান সানিসহ হামলাকারী আবদুল মালেক লাল্টু ও শাহাদাত আলীকে অভিযুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, ওই চার্জশিটে মহানগর হাকিমের এজলাসে হামলার মামলায় ১২ জন এবং যুগ্ম দায়রা জজ আদালতের মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।

চট্টগ্রাম আদালত ভবনের যুগ্ম জেলা জজ দিলজার হোসেন এবং মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে ৩ অক্টোবর বোমা হামলা চালানো হয়। এতে একটি বোমা বিস্ফোরিত হলে চার জন আহত হয়। এ ঘটনায় হাকিম আকরাম হোসেনও আহত হন।

জনতার সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি তাজা বোমাসহ আবদুল মালেক লাল্টু ও শাহাদাত আলীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আবদুল মালেক লাল্টু এবং শাহাদাত আলীর ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আনুযায়ী এই চার্জশিট তৈরি করা হয়েছে।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দু’জন স্বীকার করেছে, তারা জেএমবি প্রধান আবদুর রহমানের নির্দেশ এবং তার ভাই আতাউর রহমান সানির পরিকল্পনায় দেশে ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচারকদের ওপর বোমা হামলা চালায়।