২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুলুর বিরুদ্ধে ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ দুই সাংসদের

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন লালমনিরহাটের দুই সাংসদ। দুলু ত্রাণ সামগ্রী আত্মসাৎ করেছেন বলে তারা অভিযোগ করেন।

নিজস্ব প্রতিবেদক

গনী আদম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ওই দুই সাংসদ অভিযোগ করেন, ত্রাণ হিসেবে বিতরণের জন্যে উপমন্ত্রী দুলু তিনশ’ মেট্রিক টন চাল পান। কিন্তু তিনি মঙ্গাপীড়িত লোকদের মধ্যে একমুঠো চালও বিতরণ করেননি। বরাদ্দকৃত চালের সবটুকুই তিনি বিক্রি করে দেন বলে তারা অভিযোগ করেন।

তারা আরও অভিযোগে করেন, ত্রাণ হিসেবে বরাদ্দকৃত টাকা দিয়ে দুলু তার নির্বচানী এলাকার (লালমনিরহাট সদর) ‘দরিদ্র’ লোকদের মধ্যে বেছে বেছে কিছু ব্যক্তিকে ঈদের উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি কিনে দিয়েছেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের দুইটি মেমো (ত্রাণ/৬-২/২০০৫/১২৬১ ও ত্রাণ/৬-২/২০০৫/১২৬৩) সূত্রে জানা যায়, সদর উপজেলার নয়জন ইউপি ও পৌরসভা চেয়ারম্যানের নামে থানা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে চাল বরাদ্দের ডিমান্ড অর্ডার ইস্যু করা হয়।

প্রথম মেমো অনুযায়ী দুশ’ মেট্রিক টন এবং দ্বিতীয় মেমো অনুযায়ী একশ’ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

সাধারণ নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এসব চাল বিতরণের কথা থাকলেও এবার তা করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি চেয়ারম্যান জানান, উপমন্ত্রীর নির্দেশে থানা নির্বাহী কর্মকর্তা ডিও লেটারে ইউপি চেয়ারম্যানদের জোরপূর্বক সই করিয়ে নেন।

দুলু আবুল মহাজনের কাছে ৪৮ লাখ টাকায় তিনশ’ মেট্রিক টন চাল বিক্রি করে দেন।

বিএনপি’র জেলা সভাপতি দুলু ৩০ অক্টোবর থেকে তার নিজ এলাকার ভোটারদের জন্য শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা শুরু করেছেন।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারা সার্কিট হাউজে তিন ট্রাক ঈদ উপহার সামগ্রী নামতে দেখেছে। এখানে উপমন্ত্রী বেশ ক’দিন ধরে অবস্থান করছেন।

তিনি বৃহস্পতিবার পর্যন্ত নয়টি ইউনিয়নে এবং পৌর এলাকায় এ উপহার সামগ্রী বিতরণ করবেন।

মোগলহাট ইউনিয়ন এবং পৌর এলাকা বাদে তিনি এ সামগ্রী বিতরণ করবেন। এ দুটি এলাকায় জেলা বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদকরা এ উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা নেবেন।

লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ মোতাহার হোসেন উষ্মা প্রকাশ করে বলেন, দুলু যেন এ অঞ্চলের মহারাজা। তিনি বিডিনিউজ-এর কাছে দুলুর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বলেন, সরকারের কাছ থেকে নেওয়া ৫০ কোটি টাকার থোক বরাদ্দের মধ্যে দুলু দুর্যোগকবলিতদের জন্য জরুরি ত্রাণ সাহায্যের ছয় কোটি টাকা আত্মসাৎ করেছেন।

লালমনিরহাট-২ (অদিতমারী-কালীগঞ্জ) আসনের সাংসদ মুজিবর রহমানও তার বিরুদ্ধে একই অভিযোগ করেন।

তার সাথে ফোনে যোগাযোগ করা হলে বলেন, ভোটারদের খুব সামান্য পরিমাণ লুঙ্গি এবং শাড়ি বিতরণ করলেও সিংহভাগ টাকাই দুলু আত্মসাৎ করেছেন।

উপমন্ত্রীর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে তার পিএস সাইফুর ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুলু ত্রাণ বিতরণে ব্যস্ত রয়েছেন।

এ ব্যাপারে সদর থানার নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকের সাথে দুর্ব্যবহার করেন এবং তথ্য প্রদানকারী ইউপি চেয়ারম্যানের নাম প্রকাশের জন্য চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, সবকিছুই উপমন্ত্রীর নির্দেশে করা হয়েছে। আপনি কী করতে পারবেন, করেন?

এ ব্যাপারে ডিসি ফজলুল হক কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে এক পর্যায়ে তিনি বলেন, শুনেছি উপমন্ত্রী ৩০ অক্টোবর থেকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। সাধারণ সাহায্যের আওতায় কোনও শাড়ি-লুঙ্গি সরবরাহ করা হয়নি, আপনি এটুকু লিখতে পারেন।

টিএনও’র মন্তব্যের ব্যাপারে তার কাছে জানতে চাইলে বলেন, তার মন্তব্যের দায়দায়িত্ব তাকেই নিতে হবে।