যথাযথ মর্যাদায় পবিত্র লাইলাতুল ক্বদর পালিত হচ্ছে
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও যথাযথ মর্যাদায় সোমবার রাতে পবিত্র লাইলাতুল ক্বদর পালিত হচ্ছে।
অশেষ বরকত ও ফজিলতের এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন নামাজ, জিকির-আসকার, মিলাদ মাহফিল, কবর জিয়ারত ও কোরআন খতমের মাধ্যমে।
পবিত্র কোরআনে এই রাতকে মহিমান্বিত রজনী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই রাতেই আল্লাহ রাব্বুল আল আমিন তার প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি কোরআন নাজিল করেন। হাজার রাতের চেয়ে উত্তম ওই রজনীকে শব-ইÍক্বদর বলা হয়।
নবী করিম (সা.) এই রাতের মহিমা তুলে ধরে বলেন, যে ব্যক্তি এই রাতে নামাজে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আল আমিন তার পূর্ববর্তী সব গুণাহ মাফ করে দেবেন।
পবিত্র লাইলাতুল ক্বদর উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে সমগ্র মানব জাতির শান্তি, কল্যাণ, মুক্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
নগরীর আজিমপুর ও বনানী কবরস্থানসহ বিভিন্ন গোরস্থানে হাজার হাজার মানুষ প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। মাগরিবের পর থেকে রাজধানীর বিভিন্ন মসজিদে ভিড় বাড়তে থাকে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তারাবিহর জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ বাসা-বাড়িতে রাতভর ইবাদত-বন্দেগী করেন।
বেতার ও টেলিভিশনে এই পবিত্র রাতের মহিমা ও তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। পত্র-পত্রিকাগুলোতে এই রাতের তাৎপর্য ও ফজিলত নিয়ে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়।
এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন পৃথক কর্মসূচিও পালন করেছে।
