২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে আসছে ঈদ, জমে উঠছে রাজধানীর ঈদবাজার

মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদকে সামনে রেখে রাজধানীতে বেচাকেনা বেশ জমে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ঈদের আর মাত্র তিনদিন বাকি। লোকজন ব্যস্ত হয়ে উঠছে ঈদ কেনাকাটায়। বিদ্যুত বাঁচাতে সরকারের নিষেধ থাকলেও রাজধানীর মার্কেটগুলোয় আলোকসজ্জার কোনও কমতি নেই।

গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। দোকানীরা নারী, পুরুষ ও শিশুসহ সবাই কাপড় কেনায় ব্যস্ত। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সত্ত্বেও সরগরম কেনাকাটা। তবে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণী সীমিত বাজেটে কেনাকাটা করতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন।

এদিকে ক্রেতা আকর্ষণ করতে মার্কেটগুলোর বিভিন্ন পুরস্কার ঘোষণা রয়েছেই। রাজধানীর অন্যতম মার্কেট বসুন্ধরা সিটি ক্রেতা আকর্ষণে গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজসহ নানা পুরস্কার ঘোষণা করেছে। কমপক্ষে ২০০ টাকার কেনাকাটা করলে পাওয়া যাচ্ছে কুপন, যার ভিত্তিতে র‌্যাফেল ড্র হবে।

এবারের ঈদ মার্কেটে নারীদের প্রধান আকর্ষণ বরাবরের মতোই শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। ভারতীয় শাড়ির চাহিদা বেশ বেড়েছে। দোকানিরা জানিয়েছেন, ক্রেতাদের চাহিদা মেটাতে তারা শাড়ি আমদানি করেছেন। তবে ক্রেতারা জানিয়েছেন এবারের ঈদে শাড়িসহ মেয়েদের পোশাকের দাম খুবই বেশি।

ইস্টার্ন প্লাজার শাড়ির দোকানিরা জানিয়েছেন, শিফন, হাতের কাজ করা, ইতালিয়ান ক্রাফট, গ্রিন সিল্ক, জামদানিসহ নানা শাড়ি বেশ চলছে। এবারের ঈদে বান্টি, বাবলি এবং বীর-জারা নামের পোশাক মেয়েদের পছন্দের শীর্ষে।

ছেলেরা বরাবরের মতোই ব্রান্ডের জিনিস রেভলন, মেনস ক্লাব, ক্যাটস আইয়ের শার্ট কিনছে।

রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট, মৌচাক ইত্যাদি মার্কেটে দেশি-বিদেশি উভয় প্রকার জিনিসই বিক্রি হচ্ছে।

এবার নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছন ব্যবসায়ীরা। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪১ টি অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং ৭৬ টি চেকপোস্ট স্থাপন করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মার্কেট ব্যবসায়ীদের নিরাপত্তার জন্যে মার্কেটে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন।