ঈদের আগে এখনও বেতন পাননি লক্ষ্মীপুরের ৫ সহস্রাধিক শিক্ষক-কর্মচারি
বেতন ও বোনাস না পাওয়ায় লক্ষ্মীপুরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রায় পাঁচ হাজার শিক্ষক-কর্মচারি এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন।
সোমবার সকাল থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় দু’হাজার শিক্ষক কর্মচারি বেতন ও বোনাসের টাকা উত্তোলনের জন্যে জনতা ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় উপস্থিত হন। কিন্তু ব্যাংকে পে-স্লিপ না আসায় তারা হতাশ হয়ে ফিরে যান।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ব্যবস্থাপক রুহুল আমীন সাংবাদিকদের জানান, সরকার ৩০ অক্টোবরের মধ্যে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা উত্তোলনের ঘোষণা দিলেও ব্যাংকের শাখায় এ পর্যন্ত পে-স্লিপ পৌঁছানো হয়নি।
তিনি আর জানান, স্লিপ আগামী ২ নভেম্বরের মধ্যে পৌঁছালেও সকল শিক্ষকদের বেতন বোনাস প্রদান সম্ভব হবে না।
ফলে জেলার পাঁচ সহস্রাধিক শিক্ষক-কর্মচারীর পরিবার এবারের ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে।
লক্ষ্মীপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল হায়দার চৌধুরী ও শিক্ষক সমিতির আহবায়ক কার্তিক সেনগুপ্ত বেতন ভাতা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সরকার শিক্ষকদের সাথে তামাশার খেলা খেলছে।
