২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বাড়ি ফেরার ধুম আকাশ পথেও, জিয়ায় চলছে যাত্রী হয়রানী

ঈদে বাড়ি ফেরার ধুম লেগেছে আকাশ পথেও। সেই সঙ্গে গাবতলী, সদরঘাটের মতো যাত্রী হয়রানী চলছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 05:32 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বিমান সূত্র জানায়, এবার ঈদে বাড়ি ফেরার জন্যে প্রচণ্ড ভিড় মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা, রিয়াদ, কুয়েত, বাহারাইন, আবুধাবি, দুবাই, মাসকাট ফ্লাইটে এখন অন্য যে কোনও সময়ের চেয়ে ভিড় বেশী। এসব ফ্লাইটে স্বজনদের সঙ্গে ঈদ করতে দেশে ফেরা অদক্ষ বাংলাদেশী শ্রমিকরা বিমানের আসন পেতে প্রায় এক মাস আগে আগাম বুকিং দিয়ে রেখেছিলো।

এছাড়া বিমানের লন্ডন, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর ফ্লাইটও যেনো উপচে পড়ছে যাত্রীদের চাপে।

বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর অবস্থাও তথৈবচ। ঈদকে কেন্দ্র করে কয়েকদিন আগে থেকেই বিমানের অভ্যন্তরীণ রুটের সব ক’টি ফ্লাইটের টিকিটি আগাম বিক্রি হয়ে গেছে।

টিকিটি কেনাবেচায় বিমান কর্মকর্তারা বেশ খুশী। সংস্থার একজন মুখপাত্র বিডিনিউজকে বলেন, প্রতি ঈদে মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলোতে বরাবরই ভিড় বেশী থাকে। কিন্তু এবারের ভিড় অভাবনীয়!

তিনি জানান, এছাড়া অভ্যন্তরীণ রুটে ঈদের আগের পাঁচদিন ও পরের তিনদিন-এই সাতদিনের সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে আগেভাগেই। ফিরতি ফ্লাইটগুলোরও কোনও টিকিটি নেই।

এভিয়েশন সূত্র জানায়, বিমানের মতো না হলেও মধ্যপ্রাচ্যের এমিরেটস, গালফ, কুয়েত, কাতার এয়ারওয়েজসহ অন্যান্য এয়ারলাইন্সগুলোরও এখন রমরমা অবস্থা।

এদিকে সরেজমিনে দেখা গেছে, দেশে ফেরা আকাশপথের যাত্রীরা জিয়া বিমানবন্দরে নেমেই ব্যাপক হয়রানীর শিকার হচ্ছেন। ঈদের বাড়তি ভিড়ের চাপ সামলাতে বিমাবন্দরের বিশেষ ব্যবস্থা না থাকায় কাস্টমস, ইমিগ্রেশন, লাগেজ তল্লাশিসহ নানা আনুষ্ঠানিকতায় সময় লাগছে বেশি। বিমানবন্দর কর্মকর্তাদের দুর্ব্যবহার ছাড়াও ট্রলিবয়দের জোর করে ঈদের বখশিশ আদায়, ট্যাক্সি ক্যাব চালকদের প্রকৃত ভাড়ার চেয়ে দ্বিগুণ, তিনগুণ ভাড়া বেশি নেয়ার ঘটনা চলছেই।

দেশে ঈদ করতে বিমানের ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় এসেছেন ইন্দিরা রোডের বাসিন্দা কায়সার। বিডিনিউজকে তিনি বলেন, বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটো রিকশায় আমার বাসার ভাড়া সর্বোচ্চ দেড়শ টাকা হওয়ার কথা। কিন্তু চালক মিটার ছাড়াই আমার কাছ থেকে ৩০০ টাকা আদায় করে ছেড়েছে!