২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা দাবির মামলা : র‌্যাব’র এসআই হাফিজের ৫ বছরের সশ্রম কারাদন্ড, রাজারবাগের পুলিশ খালাস

স্বামীবাগের আদম ব্যবসায়ী নাসিরউদ্দিনকে র‌্যাব’র অফিসে নিয়ে প্রহার ও চাঁদা দাবির মামলায় র‌্যাব-৩ এর সাব ইন্সপেক্টর হাফিজের বিরুদ্ধে ৫ বৎসর সশ্রম কারাদন্ডের রায় হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

সোমবার অভিযুক্তের সামনে এ রায় দিয়েছেন ঢাকার ৫ নম্বর দ্রুত বিচার আদালতের ম্যাজিষ্ট্রেট এস. এ সালাম। বিচারক দন্ডিতকে একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদন্ডের আদেশও দিয়েছেন।

অন্যদিকে রাজধানীর স্টেডিয়াম মার্কেটের ভিক্টর ইলেক্ট্রনিক্স’র কর্মচারীকে অন্যায়ভাবে আটক করে চাঁদা দাবির মামলায় রাজারবাগের পুলিশ মোঃ শাহজাহানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি কয়েকজন র‌্যাব সদস্য মোঃ নাসিরউদ্দিনের সূত্রাপুরের ৩৩/১৩ স্বামীবাগের বাসায় থেকে তাকে র‌্যাব-৩ এর অফিসে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত নিজেকে এসআই হাফিজ পরিচয় দেয় এবং আচমকা বাদিকে লাঠি ও বুট দিয়ে আঘাত করে জানায়, এখানে মানুষকে মেরে ফেলার জন্য আনা হয়।

এরপর হাফিজ বাদিকে জানায়, নাসিরউদ্দিনের কাছ থেকে পাওনা টাকা আদায় করে দেওয়ার জন্যে শাহাদৎ উল্লাহ টিপু নামে জনৈক ব্যক্তি হাফিজের কাছে দরখাস্ত করেছে। এই টাকা ১৫ দিনের মধ্যে ফেরত দিতে হবে বলে অভিযুক্ত হাফিজ বাদির কাছ থেকে লিখিত অঙ্গীকার নেয় এবং ১ লাখ টাকা অতিরিক্ত ঘুষ দাবি করে বাদিকে ছেড়ে দেয়।

বাদি র‌্যাব হেড কোয়ার্টারে অভিযোগ করলে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা উইং চাঁদাবাজির এ ঘটনা তদন্ত করে সত্যতা পায়। পরে ৮ মার্চ র‌্যাব মেজর এরশাদুল হকের নেতৃত্বে ১ লাখ টাকা নিয়ে কথা মতো স্বামীবাগ রেলক্রসিং-এর ভাই ভাই চালের দোকানের সামনে গিয়ে র‌্যাব গোয়েন্দারা বাদিসহ হাফিজকে গ্রেপ্তার করে।

ডেমরা থানার এসআই নাসিরউদ্দিন দ্রুত বিচার আইনের ৪ ধারায় হাফিজকে আসামী করে মামলা দায়ের করে। ১৬ মার্চ আসামীর বিরুদ্ধে চার্জশীট দেওয়া হয়। ২০ জনের মধ্যে ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।

অন্যদিকে রাজধানীর স্টেডিয়াম মার্কেটের ভিক্টর ইলেক্ট্রনিক্স’র কর্মচারীকে অন্যায়ভাবে আটক করে চাঁদা দাবির মামলায় সোমবার রাজারবাগের পুলিশ মোঃ শাহজাহানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ভিক্টর ইলেকট্রনিক্স’র শাহানুর রিপন কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখিয়ে স্টেডিয়ামে ফেরৎ যাওয়ার পথে অভিযুক্ত নিজেকে এসবি (স্পেশাল ব্রাঞ্চ) পুলিশ বলে পরিচয় দিয়ে রিপনকে জানায়, হোটেলে এসে তারা খারাপ কাজ করেছে। অভিযুক্ত আরও জানায়, রিপন যদি চাহিদা মতো তাকে টাকা দিয়ে খুশি করতে না পারে তবে তাকে থানায় চালান দেয়া হবে। তৎক্ষনাৎ বাদি রিপন অভিযুক্ত শাহজাহানকে জাপটে ধরে। পল্টন থানায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুতবিচার আইনের ৪ ধারায় মামলা করা হয়।

রায়ে ঢাকার ৬ নং দ্রুতবিচার আদালতের ম্যাজিস্ট্রেট মীর আলী রেজা বলেন, বাদীপক্ষ উপযুক্ত সাক্ষ্য দিয়ে মামলা প্রমানে ব্যর্থ হওয়ায় অভিযুক্তকে খালাস দেয়া হলো।