বিশ্ব খাদ্য কর্মসূচির নতুন প্রতিনিধির দায়িত্ব গ্রহণ
ঢাকায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নবনিযুক্ত প্রতিনিধি ডগলাস ব্রোডরিক দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ব খাদ্য কর্মসূচির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়।
মানবাধিকার ও উন্নয়ন ক্ষেত্রে তিনি ২১ বছর ধরে কাজ করে আসছেন। তিনি এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন। ব্রোডরিক ১৯৯২ সালে ইরিত্রায় বিশ্ব খাদ্য কর্মসূচিতে যোগ দেন।
বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগে তিনি চীনে বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি জাতিসংঘের দুযোর্গ মোকাবেলা দলের প্রধান হিসেবে কাজ করেছেন।
এছাড়াও ব্রোডরিক ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত উত্তর কোরিয়ায় বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি মানবাধিকার সংক্রান্ত বিশ্ব খাদ্য কর্মসূচির বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেন।
১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত আর্মেনিয়ায় বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর থাকাকালে দরিদ্র জনগণের পক্ষে শীর্ষ পর্যায়ে অ্যাডভোকেসির দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের সময় তিনি বলেন, বাংলাদেশ বিশ্ব খাদ্য কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তৃতীয় বৃহত্তম দরিদ্র ও ক্ষুধার্ত জনগণের দেশটিতে আমাদের কাজ হবে সহস্রাব্দের উন্ন্য়ন লক্ষ্যমাত্রা পূরণ করা। দরিদ্র জনগোষ্ঠীর মধ্য থেকে ক্ষুধা কমাতে এবং জীবনের মান উন্নয়নে সরকারকে সহযোগিতা করার ওপর জোর দেয়া হবে।
বিশ্ব খাদ্য কর্মসূচি প্রায় চার লাখ বাংলাদেশী দরিদ্রকে খাদ্যভিত্তিক সহায়তা দিচ্ছে। খাদ্যের বিনিময়ে প্রযুক্তিগত ও সামাজিক দক্ষতা বাড়াতেও এই সংস্থা কাজ করে থাকে।
বিশ্ব খাদ্য কর্মসূচির নতুন প্রতিনিধি বলেন, উন্নয়ন কর্মসূচিতে নারীদের প্রাধান্য দিয়ে থাকে বিশ্ব খাদ্য কর্মসূচি। তিনি বাংলাদেশকেও এ ব্যাপারে সহায়তা করার কথা বলেন।
