কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী ক্যাডার নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সাইফুন ব্রিজের কাছে সোমবার রাতে পুলিশের ক্রসফায়ারে তালিকাভুক্ত চরমপন্থী সংগঠন জনযুদ্ধের এক ক্যাডার নিহত হয়েছে।
নিহত চরমপন্থীর নাম মাজেদ (৩১)।
পুলিশ জানায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ চরমপন্থী ক্যাডার মাজেদকে তার নিজ গ্রাম আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া থেকে গ্রেপ্তার করে।
মাজেদ পুলিশের জিজ্ঞাসাবাদে তার সহযোগী ও অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তার দেওয়া তথ্য মোতাবেক পুলিশের একটি দল তাকে নিয়ে রাত দেড়টার দিকে অভিযানে বের হয়। রাত ২টার দিকে তারা সাইফুন ব্রিজের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে।
এ সময় মাজেদ পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।
অবস্থা বেগতিক দেখে চরমপন্থীরা পালিয়ে যায়।
পুলিশ গুলিবিদ্ধ মাজেদকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি শার্টার গানসহ বেশ কয়েক রাউণ্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
