২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজন উন্নত ও স্বল্পোন্নত দেশগুলোর সম্মিলিত পদক্ষেপ

বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের মানুষকে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে রক্ষার জন্য পরিকল্পিত ও উপযোগী কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 07:14 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

নগরীর একটি হোটেলে রোববার ‘দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা: বাংলাদেশ ও অন্যান্য স্বল্পোন্নত দেশের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা একথা বলেন।

বক্তারা বলেন, জলবায়ু ও সমুদ্র স্তরের পরিবর্তনের কারণে পানি, উপকূলীয় অঞ্চল, কৃষি, অবকাঠামো, বনায়ন ও স্বাস্থের ওপর এর মারাত্মক প্রভাব পড়ছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর এনভায়র্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ (বিসিএস) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

ইউরোপীয়ান ক্যাপাসিটি বিল্ডিং ইনিশিয়েটিভ (ইসিবিআই), বৃটিশ হাইকমিশন (বিএইচসি) ও ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশ’র সৌজন্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী তরিকুল ইসলাম বলেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্যে স্বল্পোন্নত দেশের মানুষ খুব একটা দায়ী নয়, কিন্তু ভৌগলিক অবস্থান ও সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে তারাই এর ভয়াবহতার শিকার হবেন সবচেয়ে বেশি।

বিশ্বের উন্নত দেশগুলোর কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে জলবায়ুতে ব্যাপক পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে স্বল্পোন্নত দেশের মানুষ এর ভয়াবহতার শিকার হওয়া উচিত হবে না।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্ট্যাডিজ’র নির্বাহী পরিচালক আতিক রহমান।

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক স্যার গর্ডন কনওয়ে বলেন, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাপক। এ কারণে এ শতাব্দী শেষে বিশ্বের জিডিপির হার হবে ৪ শতাংশ।

তিনি বলেন, ২০৫০ সাল নাগাদ সমুদ্রের পানির স্তর দশমিক ৫ মিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে বাংলাদেশের ১১ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাবে এবং এতে প্রায় ৫৫ লাখ লোক ক্ষতিগ্রস্ত হবে।

বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন রোধে উন্নত ও স্বল্পোন্নত উভয় দেশগুলো একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, তাপমাত্রার উত্থান পতনের ওপর নির্ভর করছে বিশ্বের ধ্বংস।

দু’ দিনব্যাপী এ কর্মশালার লক্ষ্য হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার দেশসমূহের কর্মকতা ও বিশেষজ্ঞদের সম্মিলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারি কর্মকর্তাদের দক্ষতা তৈরি।

দক্ষিণ এশিয়ার সকল দেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্বল্পোন্নত দেশের কর্মকর্তারা এ কর্মশালায় অংশ নেন।

জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় স্বল্পোন্নত দেশগুলোর প্রতিনিধি হচ্ছে বাংলাদেশ এবং এ বিষয়ক আন্তর্জাতিক আলোচনায় দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।