২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মহানগরীর সড়কগুলোর বেহাল দশা, নগরবাসীর দুর্ভোগ

রাজশাহীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশার কারণে নগরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 09:20 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সম্প্রতি কয়েক দিনের টানা বর্ষণে শহরের ৪০ কিলোমিটার রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো হচ্ছে: নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে কুমারপাড়ার মোড়, তালাইমারী আদর্শ স্কুল থেকে মীরের চক, উপশহর রেলগেইট থেকে উপশহর মোড়, ঝাওতলা থেকে মিশন হাসপাতালের মোড়, লক্ষ্মীপুর মোড় থেকে ভাটাপাড়ার মোড় এবং হড়গ্রাম বাজার থেকে কোর্ট স্টেশনসহ আরও কয়েকটি রাস্তা।

এদিকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৬০ কিলোমিটার রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় নগরবাসী রাস্তা চলাচলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।

গত জানুয়ারি মাসে সিটি কর্পোরেশন আন্তর্জাতিক মানের দরপত্র আহ্বানের মাধ্যমে ২৮ কিলোমিটার সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ ব্যয়ে ২৬ কোটি টাকা নির্ধারণ করে।

দেশীয় প্রতিষ্ঠান এ কাজটি পেলেও তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে নগরীর খানাখন্দে ভরা সড়কগুলোর উন্নয়ন ও প্রশস্তকরণ কাজ চালছে। কিন্তু কোন রাস্তার কাজই নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হওয়ার কারণে বিগত বর্ষা মৌসুমে রাস্তাগুলোর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।

এদিকে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠান অভিযোগে জানায়, সরকার দলীয় ক্যাডারদের চাঁদাবাজির কারণে বিভিন্ন রাস্তার কাজ প্রায়ই বন্ধ থাকছে। একারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যাচ্ছে না।

সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশল সরিৎ দত্ত গুপ্ত বিডিনিউজকে জানান, বর্ষা ও উপকরণ সংকটের কারণে সংস্কার কাজ শুরু করা যাচ্ছে না।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আরসিসির একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, একসাথে এত ভাঙ্গা রাস্তার কাজ করার মত অর্থ এখন নেই, তাই কাজ হচ্ছে না।