কলকাতায় প্রথম ‘নলেজ ইউনিভার্সিটি’র ভিত্তি স্থাপন করলেন মনমোহন সিং, প্রকল্প ব্যয় পাঁচশ’ কোটি রুপি
কলকাতায় পাঁচশ কোটি রুপি প্রকল্প ব্যয়ে ‘নলেজ ইউনিভার্সিটি’র ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং।
ভারতের প্রথম এই বিজ্ঞান ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট করার বিষয়টি এ সপ্তাহেই মন্ত্রিপরিষদে অনুমোদন লাভ করে। দ্বিতীয় দফায় এ ধরনের আরেকটি ইউনিভার্সিটি স্থাপন করা হবে মহারাষ্ট্রের পুনায়।
অনেকেই মনে করেন, কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স সরকার গঠনে পশ্চিমবঙ্গের এমপিদের জন্য পুরস্কার হিসেবেই কলকাতায় প্রথম নলেজ ইউনিভার্সিটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া এ বিষয়টিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কৃতিত্ব হিসেবেও দেখা হচ্ছে। বুদ্ধদেব বরাবরই শিক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন এবং এ ব্যাপারে তহবিল সংগ্রহ করতে তিনি কর্পোরেট হাউজ ও কেন্দ্রীয় সরকারকে উপর্যুপরি তাগাদা দিয়ে আসছিলেন।
২০০৬-০৭ শিক্ষাবর্ষ ধরে এ বিশ্ববিদ্যালয় তাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করবে। বিশ্ববিদ্যালয়ে শারীরিক ও রাসায়নিক বিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান, জড়বিজ্ঞান, কম্পিউটার, পরিবেশ এবং মৃত্তিকা বিজ্ঞানসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চশিক্ষা প্রদান করা হবে।
পশ্চিমবঙ্গে যদিও এটিই হবে সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তারপরও পশ্চিমবঙ্গ সরকার তুলনামূলকভাবে ছোট আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে চালু করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে।
এছাড়া উচ্চ শিক্ষা খাতে বেসরকারি পুঁজিকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে আরপিজি এন্টারপ্রাইজ জজ কোর্ট রোডে একটি ব্যবস্থাপনা ইনস্টিটিউড স্থাপনে সম্মত হয়েছে এবং দিল্লির সর্বভারতীয় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের সহযোগিতায় চলবে এটি।
উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী সত্যসাধন চক্রবর্তী জানিয়েছেন, মুকেশ, অনীল আম্বানি, বিপি পোদ্দার এবং শ্রাচি গ্রুপের সাথে উচ্চশিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান স্থাপনের ব্যাপারে আলোচনা চলছে।
বুদ্ধদেব ভট্টাচার্য এবং আম্বানি ব্রাদার্সের মধ্যে একটি বেসরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাইনিজ স্টাডি কেন্দ্র স্থাপনের ব্যাপারে কথা চলছে।
এছাড়া একটি মেডিক্যাল কলেজ, একটি হাসপাতাল, একটি মহিলা কলেজ এবং জীববিজ্ঞান বিষয়ে শিক্ষাদানের জন্য একটি কলেজ স্থাপনের ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এছাড়া বেশ ক’টি ল’ স্কুল, বিজনেস স্টাডিজ সেন্টার, ডেন্টাল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট স্থাপনের ব্যাপারেও রাজ্য সরকারে প্রস্তাবনা রয়েছে।
