২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ২ দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিশ্বরোড মোড়ে অবৈধ দোকান ঘর তোলাকে কেন্দ্র করে শনিবার দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 06:09 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এসময় ভাঙ্গা বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে ব্যাপক ভাংচুর, লুটপাট ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিশ্বরোড মোড়ের বাসস্ট্যান্ডটি সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ সম্প্রসারণ করে। এরপর থেকে বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী গ্রামগুলোর লোকজনের মধ্যে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানঘর তোলার প্রতিযোগিতা শুরু হয়।

শুক্রবার সকালে বাইশখালি গ্রামের লোকজন হাজরাহাটি গ্রামের দখলে থাকা একটি জায়গায় জোর করে দোকানঘর তোলে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল ৯টায় বাসস্ট্যান্ড এলাকায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বাইশখালী গ্রামের পক্ষে হোগলাকান্দি, কুঠিবাড়ি ও চরকান্দা যোগ দেয়। অন্যদিকে হাজরাহাটির পক্ষে গজারিয়া, ভাড়ইডাঙ্গা ও হামিরদী গ্রামের লোকজন যোগ দেয়।

ঘন্টাব্যাপী এ সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়। এ সময় প্রায় ২০টি দোকান ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মিন্টু (৩৫), দুলাল (৩২), কুটি মিয়া (৪৫), গফ্ফার মাতুব্বর (৫৫), লুৎফর (২৫) ও ইদুকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের জের ধরে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।