অষ্টম সংসদের বেশিরভাগ সংসদীয় স্থায়ী কমিটিই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে
অষ্টম সংসদের শেষ বছরে এসে দেখা যাচ্ছে জাতীয় সংসদের এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বেশিরভাগ সংসদীয় স্থায়ী কমিটিই তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
মন্ত্রণালয়গুলো খুব কম সময়ই তাদের (কমিটির) সুপারিশমালা বাস্তবায়ন করায় স্থায়ী কমিটিগুলো সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে মন্ত্রী এবং আমলাদের বিরুদ্ধে সকল সংসদীয় তদন্ত কমিটির কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে।
রুলস অব প্রসিডিউরের ২৪৮ ধারা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের ৩৭ টি এবং সংষদ বিষয়ক ১১ টি মোট ৪৮ টিসংসদীয় কমিটির প্রত্যেকটির প্রতিমাসে অন্তত একবার বৈঠকে বসার কথা। কিন্তু বেশিরভাগ কমিটিই এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
ওই একই ধারায় বলা হয়েছে কোন মাসে যদি কোনও সংসদীয় কমিটির চেয়ারম্যান বৈঠক ডাকতে ব্যর্থ হন, তবে স্পিকার সংসদ সচিবালয়ের সচিবকে বৈঠক আহ্বানের জন্য বলবেন। কিন্তু অষ্টম সংসদের স্পিকার ব্যরিস্টার জমিরুদ্দিন সরকার এখন পর্যন্ত তার এই ক্ষমতা প্রয়োগ করেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শাহজাহান মিয়া সাড়ে চার মাস ধরে কোনও বৈঠক আহ্বান না করায় আওয়ামী লীগ সাংসদ মোহাম্মদ নাসিম এবং শেখ হেলাল উদ্দিন স্পিকারকে বৈঠক আহ্বান করতে বলার পরও স্পিকার এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেখাননি।
চলতি বছরের ২৮ এপ্রিলের পর কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয় ১৩ সেপ্টেম্বর। একইভাবে যোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয় ৬ অক্টোবর। এর আগে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তিনমাস আগে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি তাদের প্রায় এক হাজার সুপারিশ করেছে। কিন্তু প্রায় ৭০ শতাংশ সুপারিশের ব্যাপারেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগ কোনও গুরুত্ব দেয় নি। তারা (কমিটি) সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নির্বাহী বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সফল পরিচালনার সুপারিশ করেছিল। তবে মন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নে বাধ্য নয়।
সূত্র আরও জানায়, ২০০৩ সালের জুলাই মাসে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের পর ১১৯ টি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু দুই-তৃতীয়াংশ সাব কমিটিই তাদের রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে।
সিএনজি চালিত থ্রি হুইলার আমদানি ও রুট পারমিট ইস্যুর ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করতে ২০০৪ সালের ৭ জানুয়ারি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি সাংসদ নাদিম মোস্তফার নেতৃত্বাধীন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু ২০ মাসের বেশি সময় পার হলেও কমিটি তার রিপোর্ট জমা দিতে পারে নি।
সিএনজি কনভারশন ওয়ার্কশপ কাম রিফুয়েলিং স্টেশন নির্মাণের জন্যে বেসরকারি উদ্যোক্তাদের সরকারি জমি বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের তদন্ত করতে ওই স্থায়ী কমিটি ২০০৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিএনপি সাংসদ মাহমুদুল হক রুবেলকে প্রধান করে অপর এক সাব কমিটি গঠন করে। কিন্তু আজ পর্যন্ত তারা তাদের রিপোর্ট জমা দিতে পারে নি।
হোটেল শেরাটনে আয়োজিত বৈঠকে ৪০ টি সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারমম্যানরা জানান, স্থায়ী কমিটি শুধুমাত্র ‘কাগুজে বাঘ’। কারণ মন্ত্রী এবং আমলারা তাদের সুপারিশমালা বাস্তবায়নের ব্যাপারে কান দেন না।
