পটুয়াখালীতে ৪ টি মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
পটুয়াখালীতে বৃহস্পতি ও শুক্রবার পৃথক চারটি মোটর সাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং দুই শিশুসহ ১০ জন আহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী সেতুতে ওঠার পূর্ব মুহূর্তে টোল আদায়ের দঁড়িতে বাধাপ্রাপ্ত হয়ে একটি মোটর সাইকেল উল্টে গেলে তিন আরোহী আহত হয়। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ডা. মোস্তাফিজুর রহমানের অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে বরিশালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে শুক্রবার সকালে পটুয়াখালী দুই নম্বর সেতুর কাছে অপর একটি মোটর সাইকেল দুর্ঘটনায় তিন জন আহত হয়। গুরুতর আহত মো: শামীমকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই দিন বেলা ১২টার দিকে জেলার মুরাদিয়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক শিশুসহ চার জন আহত হয়। আহত মাহমুদুর রহমান (৭), মো: কালাম (৪০), নিখিল (৩০) ও আমির হোসেনকে (৪০) পটুয়াখালী জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া শহরের সবুজবাগ এলাকায় দুপুরে অপর এক মোটর সাইকেল দুর্ঘটনায় মলয় চন্দ্র (৭) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকেও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
