২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবাদত ও প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে মদিনায় প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন অতিবাহিত

পবিত্র ওমরাহ পালন এবং নবী করিম (সা.)-এর পবিত্র মাজার জিয়ারতের লক্ষ্যে সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার ইবাদত বন্দেগি এবং প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে কুশল বিনিমিয়ের মধ্য দিয়ে মদিনায় ব্যস্ত দিন কাটিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

তিনি আসর, মাগরিব, এশা ও তারাবিহর নামাজ মসজিদে নববীতে জামাতে আদায় করেন। তারাবিহর নামাজ শেষে তিনি নবী করীম (সা.)-এর পবিত্র মাজার জিয়ারাত করেন। এ সময় তিনি হযরত আবু বকর (রা.) এবং হযরত ওমর (রা.)-এর মাজারও জিয়ারত করেন। মসজিদে নববী কর্তৃপক্ষ এ বিশেষ জিয়ারতের ব্যবস্থা করেন।

জিয়ারতকালে প্রধানমন্ত্রীর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সংসদ সদস্য মোসাদ্দেক আলী, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম ইকরামুল হক (অব.) এবং জেদ্দাস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল আশরাফ উদ্দিন তার সঙ্গে ছিলেন।

প্রতি ওয়াক্ত নামাজে মসজিদে নববীর পথে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও তাদের সাথে কুশল বিনিময় করেন।