জানুয়ারি থেকে নতুন ভোটার তালিকার মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন
নতুন ভোটার তালিকা প্রনয়নের জন্য নির্বাচন কমিশন (ইসি) তাদের পুর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ শুরু করবে ১ জানুয়ারি থেকে। এরমধ্যে কমিশন প্রস্তুতিমূলক কাজগুলো সম্পন্ন করবে।
এর আগে নির্বাচন কমিশন নভেম্বর থেকে এই কাজ শুরুর ঘোষণা দিয়েছিল।
নির্বাচন কমিশনের সচিব এসএম জাকারিয়া সোমবার তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, নভেম্বরের পরিবর্তে আগামী বছর ১ জানুয়ারি থেকে আমরা এ কাজ শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছি।
এ ব্যাপারে ইসি থেকে কোন কারণ উল্লেখ না করলেও কমিশনের একটি সূত্র জানায়, বাজেট প্রাপ্তি এবং মাঠ পর্যায়ের কর্মী নিয়োগসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজগুলো সম্পন্ন করার জন্যই তথ্য সংগ্রহরে কাজটি পিছিয়ে দেয়া হয়েছে।
কমিশন সচিব ২০০৭ সালের সাধারণ নির্বাচনের আগেই ভালোভাবে ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
ভোটার তালিকা প্রনয়নের জন্য কমিশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১৪৬ কোটি টাকা বরাদ্দের আবেদন জানালেও অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে ৬০ কোটি টাকা।
