রাজধানীতে ছিনতাইকারীর কবলে পাকিস্তানি নাগরিক, পুলিশের হয়রানি
দুবাইতে এমিরেটস এয়ারলাইন্সে কর্মরত এক পাকিস্তানি নাগরিক ঢাকায় রোববার রাতে ছিনতাইকারীর কবলে পড়ার পর উত্তরা থানা পুলিশের হয়রানির শিকার হয়েছেন।
ছিনতাইকারীরা পাসপোর্ট, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ায় সোমবার দেশে ফেরার ফ্লাইট ধরতে পারেন নি ওই পাকিস্তানি নাগরিক। উপরন্তু, উত্তরা থানা পুলিশ এই ছিনতাইয়ের ঘটনায় কোন মামলা গ্রহন করেনি।
ভুক্তভোগী পাকিস্তানি নাগরিক সৈয়দ জুন্নুন আনাস ঢাকার উত্তরায় তার বোনের সাথে দেখা করার জন্য এসেছিলেন। রোববার রাতে বোনের বাসায় যাওয়ার পথে একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে তার মূল্যবান জিনিসপত্র কেড়ে নিয়ে একটি প্রাইভেট কার যোগে দ্রুত পালিয়ে যায়। গাড়ির নম্বর প্লেট একটি কাগজ দিয়ে ঢাকা ছিল।
ঘটনার পর পরই পাকিস্তানি নাগরিক আনাস তার দুই আত্মীয়কে সাথে নিয়ে সুবিচার এবং ঢাকায় অবস্থিত পাকিস্তানি দূতাবাস থেকে যাতে বিকল্প পাসপোর্ট লাভ করতে পারেন, সেই আশায় উত্তরা থানায় মামলা দায়ের করতে যান।
কিন্তু উত্তরা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আওয়াল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান তাকে মামলা না করার পরামর্শ দেন বলে জানান পাকিস্তানি নাগরিক। তিনি আরও জানান, মামলা করলে আরও বেশি ঝামেলায় পড়তে হবে বলে পুলিশ তাকে একটি সাধারণ ডায়েরী (জিডি) করতে বলে।
বর্তমানে ঢাকায় অবস্থানকারী ভুক্তভোগী পাকিস্তানি নাগরিক বিডিনিউজকে বলেন, পুলিশ তার মামলা গ্রহন না করায় তিনি কোন জিডি করেননি।
এ ব্যাপারে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি ছিনতাইয়ের ঘটনা স্বীকার করলেও তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি তাকে মামলা করার জন্য বললেও তিনি তা করতে চান নি। তবে তিনি পাসপোর্ট খোয়া যাওয়ায় একটি জিডি করতে চেয়েছিলেন।
ওসি আখতারুজ্জামান বিডিনিউজকে জানান, ছিনতাইয়ের শিকার পাকিস্তানি নাগরিক থানায় আসলেই আমি দ্রুত মামলা গ্রহন করব।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) এসএম মিজানুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেয়া হবে।
