দাতা গোষ্ঠির ১০ সদস্যর প্রতিনিধি দল এখন পাহাড়ে
দাতা গোষ্ঠির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করতে ইউরোপিয়ন কমিশন (ইইউ), কানাডা, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ১০ সদস্যর একটি প্রতিনিধি দল এখন পাহাড়ে।
সফরের প্রথম দিনে সোমবার প্রতিনিধি দলটি রাঙ্গামাটিতে পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান ও স্থানীয় বাঙালী নেতাদের সাথে মতবিনিময় করেছে।
প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত স্টেফান ফোভিয়ান, কানাডার চার্জ দি অ্যাফোর্য়াস রোবার্ট ব্যাডলি, ডিএফআইডির কর্মকর্তা গ্যারেট এইকেন, ইইউ’র মার্টটিনা স্যাইডেল, নিকোলাস টেলার, ফ্রেবরিজো সেনসি, ইউএনডিপির মাইকেল হেইন প্রমুখ।
রাজবাড়ীর পার্বত্য উন্নয়ন প্রকল্প’র (সিএইচডিপি) কার্যালয়ে অনুিষ্ঠত বাঙালি নেতৃবৃন্দের সাথে মত বিনিময়কালে ইইউ’র রাষ্ট্রদূত বলেন, আমরা চাই পার্বত্যাঞ্চলে সকল মানুষকে সাথে নিয়ে পাহাড়ের সার্বিক উন্নয়ন।
পরে সফরকারী প্রতিনিধি দলটি বিকালে জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ানের সাথে মতবিনিময় করেন। ড. দেওয়ান ইইউকে বলেন, পার্বত্য শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়ন ঘটলে পাহাড়ে একটি রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে।
প্রতিনিধি দলটি বুধবার স্থানীয় এনজিওগুলোর সাথে বৈঠকের পর আরেক পার্বত্য জেলা বান্দরবান সফরে যাবেন বলে জানা গেছে।
