ভৈরবে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক
ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুলী গ্রামে রোববার সকালে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে শতাধিক কর্মী আহত হয়েছে। আহতদের মদ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক।
আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ১০ জনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসাপালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ দিনের বিবাদ, মামলা-পাল্টা মামলা সূত্র ধরে সকালে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক এবং বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের ৫০ থেকে ৬০টি ঘর-বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ১২ কর্মীকে গ্রেফতার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
