২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব গ্রামীণ নারী দিবসকে দেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি

বিশ্ব গ্রামীণ নারী দিবসকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে দিবস উদযপান কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 05:22 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযপান কমিটি শনিবার দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে র‌্যালি ও আলোচনা সমাবেশ আয়োজন করে। আলোচনাকালে বক্তারা এ দাবি জানান।

অনুষ্ঠানে নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা জেলার চার জন নারীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এরা হলেন, মুক্তিযুদ্ধের সময় গানের মাধ্যমে জনগণকে উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্যে সাভারের চাইপাল গ্রামের মোর্শেদা বেগম, ক্ষুদ্র ঋণে সাফল্যের জন্যে ধামরাইয়ের পলাশ রানী সরকার, নির্যাতীত নারীর ক্ষমতায়নের জন্যে সাভারের কাউন্দিয়ার ইউপি মেম্বার মর্জিনা শিকদার এবং গানের জন্যে কাঙ্গালিনী সুফিয়া বেগম।

সেমিনারে সভাপতিত্ব করেন শারমিন ইসলাম ডেইজি।

তিনি বলেন, জাতীয় শ্রম বাজারে আমাদের নারীরা শ্রমের মাধমে সাফল্য রেখে চলছে। রপ্তানি আয়ের ৭৬ শতাংশ আসে গার্মেন্টস শিল্প থেকে। আর এ শিল্পে ৯০ শতাংশ কাজ করে গ্রামীণ নারীরা। অর্থনীতিতে এতো বেশি অবদান রাখার পরও তাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে না। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও তাদের অবদান রয়েছে।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারি ফেডারেশনের সভাপতি শামিমা নাসরিন, যুব লীগ নেত্রী বিপ্লবী আল মজিদ , জাপার মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন্নাহার বেবিসহ দেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।

তারা বলেন, শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের সকল নারীকে নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে। অসহায়, অবলা বলে নয়, নারীকে দক্ষতার ভিত্তিতে কাজের সুযোগ দিতে হবে।