২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’র কম্পিউটার সায়েন্স বিভাগের অধিকাংশ শিক্ষক ছুটিতে, একাডেমিক কার্যক্রম ব্যাহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধিকাংশ শিক্ষক ছুটিতে থাকায় বিভাগীয় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিভাগের মোট ৩১ জন শিক্ষকের মধ্যে ১৮ জনই বর্তমানে ছুটিতে আছেন।

নিজস্ব প্রতিবেদক

জান্নাতুল ফেরদাউস,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 10:25 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগে সহকারি অধ্যাপক রয়েছেন ১৮ জন। তাদের মধ্যে বর্তমানে ছুটিতে আছেন ১৪ জন। আটজন প্রভাষকের মধ্যে ছুটিতে আছেন চারজন। বর্তমানে কর্মরত রয়েছেন মোট তেরজন শিক্ষক।

যেসব শিক্ষক ছুটিতে আছেন, তাদের বেশিরভাগই স্কলারশীপ নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। ১৮ জন শিক্ষক ছুটিতে থাকায় সৃষ্ট সংকট কাটাতে কর্তৃপক্ষ তিনজন খন্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছেন।

শিক্ষার্থীদের অভিমত, নিয়োগকৃত খন্ডকালীন শিক্ষকের সংখ্যাটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এতেও সৃষ্টি হচ্ছে নতুন সমস্যা।

নাম প্রকাশে অনিচ্ছুক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অভিযোগ করেন, খন্ডকালীন শিক্ষকরা তাদের সুবিধা মতো ক্লাস শিডিউল দিয়ে থাকেন। শিক্ষার্থীদেরকে কখনও সকালে, আবার কখনও বিকেলে এই সব খন্ডকালীন শিক্ষকদের ক্লাস করতে হয়।

বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু শিক্ষকদের ছুটিজনিত কারণে সৃষ্ট একাডেমিক সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বিডিনিউজকে বলেন, শিক্ষকরা ছুটিতে থাকার কারণে যে সমস্যা হচ্ছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। শিক্ষক ছুটিতে থাকার কারণে বিভাগের শিক্ষা কার্যক্রমে কোন প্রভাব যাতে না পড়ে, বিভাগের ১৩ জন শিক্ষক এবং তিনজন খন্ডকালীন শিক্ষক এ ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দূর করা গেলে এ শিক্ষক সংকট কাটিয়ে ওঠা যায়।

খন্ডকালীন শিক্ষকদের ক্লাশ শিডিউল সম্পর্কে শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যথাযথভাবেভাবে এ ব্যাপারে আবেদন করলে বিষয়টি বিবেচনা করা হবে।