চলচ্চিত্র অভিনেত্রী প্রেমা গ্রেফতার
অর্থ আত্মসাতের অভিযোগ পুলিশ রোববার সন্ধ্যায় চলচ্চিত্র অভিনেত্রী তানিয়া শিকদার প্রেমাকে গ্রেফতার করেছে।
মতিঝিল থানার এসআই শাহানা বিডিনিউজকে জানান, প্রেমাকে পল্টন থানার পুলিশ গ্রেফতার করে মতিঝিল থানায় হস্তান্তর করেছে।
শাহানা আরও জানান, একজন ব্যবসায়ী প্রেমাকে আটক করে পল্টন থানায় সোপর্দ করে। এর আগে প্রেমা বিকেলে ওই ব্যবসায়ীর বাসভবনে গিয়ে তাকে হুমকি দেয়। খবর পেয়ে কর্তব্যরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়কে আটক করে।
তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে জানান, ব্যবসায়ীর কাছ থেকে প্রেমা আট হাজার টাকা নেয় এবং তাকে হুমকি দেয়। তদন্ত ছাড়া তিনি কোন কিছু বলতে অপরাগতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, তারা একে অপরকে অভিযুক্ত করছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর সচিবালয়ের কাছে এক ট্যাক্সি ড্রইভারকে মারধরের অভিযোগ পুলিশ প্রেমাকে গ্রেফতার করে। সেসময় তার এক ভাই ও বোনসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গত ১৯ জুলাই প্রেমা তার উপর এসিড নিক্ষেপের অভিযোগে তার সাবেক স্বামীর নামে মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযোগটি মিথ্যা বলে রিপোর্ট দেয়।
