২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমজিএইচ’র কাছে বকেয়া থাকার কথা অস্বীকার করেছে ইউসিএস

স্টার টিভি চ্যানেলের লাইন বিতরণ ফি বাবদ ইউনাইটেড কমিউনিকেশন সার্ভিসেস (ইউসিএস) লিমিটেডের কাছে এমজিএইচ ইনফোকম লিমিটেডের বকেয়া থাকার কথা ইউসিএস অস্বীকার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 09:55 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বুধবার ঢাকা শেরাটন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউসিএস কর্তৃপক্ষ দাবি করে, তারা এমজিএইচ ইনফোকমের ১৭ দশমিক ৬ মিলিয়ন টাকা বকেয়া ফি পরিশোধ করে দিয়েছেন। তবে টাকা প্রদানের কোনও কপি তাদেরকে দেওয়া হয়নি বলে দাবি করে ইউসিএস।

ইউসিএস আরও অভিযোগ করে, এমজিএইচ ইনফোকম তাদেরকে হয়রানি করছে। তারা বলেন, এমজিএইচ চাচ্ছে, দেশের স্যাটেলাইট চ্যানেল ব্যবসায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে।

ইউসিএস চেয়ারম্যান আরিফ মোহাম্মদ সাঈদ এবং পরিচালক নুরুল আলম, জাকির খান ও আল-আমিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পাইরেসি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এমজিএইচ’র দায়ের করা একটি মামলায় সোমবার ইউসিএস’র চেয়ারম্যান ও সাতজন পরিচালককে পুলিশ গ্রেফতার করে। অবশ্য পরে তারা জামিনে মুক্তি পান।