চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ফসলের জমি থেকে বৃষ্টির পানি সরানো নিয়ে বুধবার সকালে সদর উপজেলার দেবীনগর ইউপির হরমা গ্রামে বিবদমান দু’ দলের সশস্ত্র সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত ও দুটি বাড়ি লুট হয়েছে।
আহতদের মধ্যে ২৮ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ঘটনাস্থলে থাকা দেবীনগর ইউপি চেয়ারম্যান মো. হাফিজ ও পুলিশ সূত্র জানায়, হরমা গ্রামের আতাবুর মড়ল ও কালিমের দল কলাইয়ের জমি থেকে পানি নিষ্কাষণকে কেন্দ্র করে আগের দিন সন্ধ্যার বিরোধের জের ধরে বুধবার সকাল সাতটার দিকে হাঁসুয়া, বল্লম ও তীর-ধনুক নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দু’ পক্ষকে থামাতে গিয়ে হাফিজ চেয়ারম্যনও শারিরিক আঘাতের শিকার হন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মামলা হয়নি।
