২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার চাহিদার এক তৃতীয়াংশ ইউরিয়া আমদানি করবে

ইউরিয়া সারের চাহিদা মেটাতে সরকার কাফকো এবং আন্তর্জাতিক বাজার থেকে নয় লাখ মেট্রেক টন ইউরিয়া সার ক্রয় করবে। যার পরিমান চলতি অর্থ বছরের মোট চাহিদার তিন ভাগের এক ভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ঢাকায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী জানিয়েছেন, ক্রয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দুই লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। আরও দুই লাখ মেট্্িরক টন ইউরিয়া আমদানির দরপত্র আহবানের প্রস্তাব অচিরেই অনুমোদন লাভ করবে।

কৃষি মন্ত্রণালয় ২০০৫-২০০৬ অর্থবছরের জন্য ২৮ লাখ মেট্রিক টন ইউরিয়া সার চাহিদা নির্ধারণ করেছে।

শিল্প মন্ত্রণালয় আশা করছে, এর আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ( বিসিআইসি) ছয়টি ইউরিয়া সার কারখানা চলতি অর্থবছরে ১৯ লাখ মেট্্িরক টন ইউরিয়া উৎপাদন করতে পারবে।

শিল্পমন্ত্রী বলেন, চাহিদা মেটাতে বাড়তি ইউরিয়া ক্রয় করা হবে। এর মধ্যে কাফকোর কাছ থেকে ক্রয় করা হবে তিন দশমিক পাঁচ লাখ মেট্রিক টন এবং বিদেশ থেকে আমদানি করা হবে পাঁচ দশমিক পাঁচ ভাগ।

তিনি আরও জানান, সরকার জুলাই-সেপ্টেম্বর সেশনে কাফকোর কাছ থেকে ৬৬,৫০০ টন ইউরিয়া ক্রয় করেছে।

বিসিআইসি’র ছয়টি ইউরিয়া কারখানা গত তিন মাসে (সেপ্টেম্বর পর্যন্ত) তিন দশমিক ২৯ লাখ টন সার উৎপাদন করেছে। অন্যদিকে টিএসপি সার কারখানায় পাঁচ হাজার ৭০০ টন টিএসপি এবং ৫৪ হাজার ৫০০ টন এসএসপি সার উৎপাদিত হয়।

তিনি জানান, ইতোমধ্যে সরকার এক দশমিক ৬৫ লাখ টন ইউরিয়া আমদানি করেছে।