খাগড়াছড়িতে বোমা হামলা ঘটনায় বাংলা ভাই, আব্দুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
১৭ আগস্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা শহরের ৫টি স্থানে বোমা হামলা মামলায় মঙ্গলবার খাগড়াছড়ি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কগনিজেন্স আদালতে বাংলা ভাই ও জেএমবি’র কেন্দ্রীয় নেতা শায়খ আবদুর রহমানসহ ১৪ জন জেএমবি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
বোমা হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিকেলে চার্জশিট দাখিল করেন। চার্জশীটে ১৪ জন আসামীর মধ্যে ১০জন খাগড়াছড়ি জেলা কারগারে অন্তরীণ রয়েছে। মামলার অপরা আসামী বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান, বেলাল ও মঞ্জুকে পলাতক দেখানো হয়েছে। চার্জশীটে বোমা হামলা ঘটনায় নয়জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বোমা হামলা ঘটনা বিচারের জন্য আদালতে এ চার্জশীট দাখিল করা হয়েছে।
প্রসঙ্গত ১৭ আগস্ট বোমা হামলা ঘটনায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়, আদালত চত্বর, শাপলা চত্বর, শহীদ কাদের সড়কের ৫টি স্থানে বোমা বিস্ফোরিত হয়।
