আরো ৫ জঙ্গি গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদ অব্যাহত
দেশজুড়ে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার আরও পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ইতোমধ্যেই গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, গ্রেপ্তারকৃত জেএমবি নেতা শহীদুল্লাহ ওরফে লোকমান সোমবার ১০ দিনের রিমান্ডের প্রথম দিনে পুলিশের কাছে ১৭ আগস্ট খুলনায় বোমা হামলায় তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
লোকমান জানায়, খুলনায় বোমা হামলার সাথে জড়িত ছিল ১৪ জন। ওইদিন ফজরের নামাজের পর আগে থেকেই নির্ধারণ করে দেওয়া ১৫টি স্পটে তারা বোমা রেখে আসে।
কাগজের প্যাকেটে কাঠের গুঁড়োর মধ্যে একটি করে এবং ২০টি লিফলেটসহ ওই সব স্থানে বোমাগুলো রাখা হয়। তবে শহীদুল্লাহ জানায়, সে শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইকে চেনে না। মঙ্গলবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন।
বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য শামসুল ও আকবরকে পঞ্চমবারের মতো রিমান্ডে নেয়া হয়েছে। এর আগে তারা কুষ্টিয়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে বোমা হামলার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিল। সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা বোমা হামলা মামলায় কুষ্টিয়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত তাদের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এবারের রিমান্ড শেষ হলেই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। এ দুই জঙ্গি নেতাকে এর আগে মোট ৩৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, মঙ্গলবার পুলিশ ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জেএমবি’র আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, পুলিশ দুপুরে সদর উপজেলার কোমড়গ্রাম দীঘির পাড়ের বশরতুল্লাহর ছেলে ফারুক হোসেন (৩৮)কে এবং ক্ষেতলাল উপজেলার মহেশপুর গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে শামছুল হককে (৪৫) শহরের রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, বন্দর থানা পুলিশ সোমবার গভীর রাতে মাহমুদ নগরে ফরাজী কান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নার্সারি থেকে জেএমবি সদস্য সন্দেহে দু’জনকে আটক করেছে। লক্ষ্মীপুরে বোমা হামলার পর গ্রেপ্তারকৃত মাসুদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হল-নুরুল হক (৪৫) ও সেলিম (৩২)। নুরুল হকের বাড়ি ভোলার বোরহান উদ্দিন থানার লক্ষ্মীপুর গ্রামে। সেলিমের বাড়ি বন্দর থানার মাধবপাশায়।
বন্দর থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজকে জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ১৭ আগস্ট নারায়ণগঞ্জ ও নরসিংদীতে বোমা হামলার কথা স্বীকার করেছে।
অন্যদিকে দুপুরে আদালত চত্বর থেকে জঙ্গি সন্দেহে আলী আহম্মদ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
