আদালত চত্বরে বোমা হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন
দেশের তিনটি জেলায় আদালত চত্বরে বোমা হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। পৃথক বিবৃতিতে তারা অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, ক্রমাগত সন্ত্রাস ও বোমা হামলা বন্ধে সরকারি ব্যর্থতা এবং ক্ষেত্র বিশেষে জঙ্গি ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দেশের মানুষের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছে।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এনায়েতুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, এ অবস্থায় বর্তমান সরকারের ক্ষমতায় থাকার আর কোনও যৌক্তিকতা আছে বলে দেশের মানুষ ও আইনজীবী সমাজ মনে করে না। বিবৃতিতে সরকারের পদত্যাগ দাবি করা হয়।
সম্মিলিত আইনজীবী পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার আমির উল-ইসলাম, যুগ্নআহ্বায়ক ব্যারিস্টার শফিক আহমদ, সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যুক্ত বিবৃতিতে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, উপর্যুপরি বোমা হামলা ও মৌলবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের ব্যর্থতার কারণে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা হুমকির সম্মুখীন। অথচ সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৌলবাদী সন্ত্রাসীদের পক্ষে সাফাই অব্যাহত রেখেছে।
বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় উদ্বেগ প্রকাশ করে মৌলবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
