নগরীতে খেলার মাঠ লিজ নিয়ে ফ্ল্যাট নির্মাণ মামলায় ১৫ আসামি খালাস পেয়েছে
ভুয়া সমিতির নামে নগরীর লালমাটিয়া এলাকার একটি খেলার মাঠকে অবৈধভাবে লিজ নিয়ে ফ্ল্যাটবাড়ি করার অভিযোগে ২০০১ সালে দাযের করা দুর্নীতি মামলায় সাবেক পূর্ত সচিব জগন্নাথ দেসহ ১৫ জনকে খালাস দেয়া হয়েছে।
সোমবার ঢাকার বিশেষ বিভাগীয় জজ মো. রেজাউল করিম খান অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় দেন। রায়ের যুক্তিতে বিচারক বলেন, রাষ্টপক্ষে তদন্তকারি কর্মকর্তা, বাদী এবং অপরাপর সঙ্গীদের মধ্যে কেউই নালিশি জমির স্কেচ ম্যাপ, পরচা, রাজউকের ম্যাপ, জব্দ তালিকা, মানচিত্র সূচি উপস্থাপন করতে পারে নি। দালিলিক প্রমাণ ছাড়াও তারা সাক্ষ্য দেয়ার সময় এজাহারের সমর্থনে কোনও বক্তব্য রাখতে পারে নি বলে অভিযুক্তদের খালাস দেয়া হলো।
মামলার নালিশি জমি হচ্ছে লালমাটিয়া ‘বি’ ব্লকের ১/৬/বি প্লটের জমি।
খালাসপ্রাপ্তরা হলো-সাবেক পূতর্ সচিব জগন্নাথ দে, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সৈযদ আব্দুল মালেক এবং আরও ১৩ জন।
অন্যদিকে সাবেক পূর্তমন্ত্রী মো. নাসিম, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ, সাবেক সহকারি কমিশনার সেটেলমেন্ট ইয়াকুব আলী, সাবেক ডেপুটি কমিশনার সেটেলমেন্ট আমিনুর রহমান, লাকি হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন খানের বিরুদ্ধে অভিযোগ হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।
গত ২০০১ সালের ১১ ডিসেম্বর দুর্নীতি দমন ব্যুরো, টাস্ক ফোর্স-৩ এর পরিদর্শক সাইফ মাহমুদ মোট ২১ জনকে আসামী করে মোহাম্মদপুর থানায় দুর্নীতি দমন আইনে মামলা করেন। ২০০২ সালের ১২ জুন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়।
মামলায় মোট আট জনের সাক্ষ্য নেয়া হয়। মামলা চলাকালে অপর অভিযুক্ত গৃহায়ন অধিদপ্তরের সহকারি প্রকৌশলী সিরাজুল হক মারা যান।
