আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল লটারির বিজয়ীদের পুরস্কার গ্রহণ
আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল লটারির বিজয়ীদের মাঝে সোমবার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আহছানিয়া মিশন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বিজয়ীদের হাতে এ পুরস্কারের চেক তুলে দেন।
লটারি পরিচালনা কমিটির সভাপতি ড. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার রফিকুল হক, মিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী রফিকুল আলম, ক্যান্সার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ ফজলুর রহমান।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রখম ও দ্বিতীয় পুরস্কার পান যথাক্রমে এইচআই হেলেন ও ফিরোজা বেগম। উপস্থিত দর্শকদের সামনে তারা তাদের অনুভূতি প্রকাশ করেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশে চিকিৎসা সেবা না থাকায় আমাদের দেশের রোগীদের একটি বড় অংশ চিকিৎসার জন্যে বিদেশে যায়। যাদের সামর্থ নেই তারা ধুঁকে ধুঁকে মারা যায়। এ অবস্থায় আহছানিয়া মিশনের ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ আশাব্যাঞ্জক।
তিনি বলেন, সরকারের একার পক্ষে চিকিৎসা সেবা দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। কিছু রোগি বিদেশে বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে এসে দেশের সরকারি হাসপাতালের সঙ্গে তুলনা করে। সরকারি ও বেসরকারি সেবা কখনোই এক হতে পারে না।
৩০ লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত হেলেন বলেন, আমি সব সময়ই টিকিট কিনি। এবার ১০টি টিকিট কিনেছি। এ টাকা দিয়ে কী করবো এখনো ঠিক করিনি। তবে কিছু টাকা গরিবদের দেওয়ার ইচ্ছা আছে।
পাঁচ লাখ টাকার দ্বিতীয় বিজয়ী ফিরোজা বেগম বলেন, এ টাকা দিয়ে আমার চার সন্তানকে মানুষ করার চেষ্টা করবো, আর স্বামীর ব্যবসায় খাটাবো।
লটারির তৃতীয় ও চতুর্থ পুরস্কারের দাবিদার এখনো পাওয়া যায়নি।
