১৭ আগস্টের বিস্ফোরণকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করুন: সরকারের প্রতি জাপানি রাষ্ট্রদূত
ঢাকার জাপানি রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি বলেছেন, দেশ জুড়ে ১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলার ঘটনা সরকারকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং এরকম ইস্যুর ক্ষেত্রে সরকারকে অধিক মনোযোগ দিতে হবে।
হরিগুচি বলেন, ওই বোমা হামলার মত বিভিন্ন ঘটনা অবশ্যই সরকারের অধিক মনোযোগ ও সুবিবেচনার দাবি রাখে। কেননা, দুর্নীতি ও ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান ক্রমে বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যাদির কারণে জনগণ অসন্তোষের মধ্যে রয়েছে। আর মৌলবাদী তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনগণও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ড ও ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাসহ বিভিন্ন ইস্যুর প্রাথমিক তদন্ত রিপোর্ট দ্রুত জমা দেওয়ার পক্ষে ঘোষণা দিতে রাষ্ট্রদূত হরিগুচি অভিমত ব্যক্ত করেন।
কিভাবে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে এবং কিভাবে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে সে সম্পর্কে অবাধ তথ্য প্রকাশ করার পক্ষেও তিনি মত দেন।
জাপান-বাংলাদেশ ই-বুলেটিনের ৩৫তম সংখ্যায় হরিগুচি বলেন, আহসানউল্লাহ মাস্টারের হত্যাকাণ্ড, কিবরিয়ার হত্যাকাণ্ড এবং বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মত উল্লেখযোগ্য বিস্ফোরণের ঘটনাগুলোর সাথে জড়িত অপরাধীরা গ্রেপ্তার হয়েছে এবং তাদের অনেকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, জনগণ বুঝতে পেরেছে, সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়। আরও বেশি প্রচেষ্টা জনগণ সরকারের পক্ষ থেকে আশা করে। বিশেষ করে ঘটনার সত্যতা প্রতিষ্ঠা করা, চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত না হলেও হত্যাকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার ঘোষণা প্রদান এবং কিভাবে অপরাধীরা গ্রেপ্তার হল ও তাদের বিচার প্রক্রিয়া সম্পর্কে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রদূত আরও বলেন, সারাদেশে ১৭ আগস্টের দেশব্যাপী বোমা হামলার প্রকৃতি দেখে এটা বোঝা যায় যে, মানুষ হত্যার কোন পরিকল্পনা হামলাকারীদের ছিল না। এ হামলার মাধ্যমে তারা একটা নির্দিষ্ট বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও বিস্তারিত তদন্তের মাধ্যমে সত্য ঘটনা খুব শিগগিরই উদঘাটিত হবে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। তার ভাষায়, এর মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটনার সম্ভাবনা প্রতিহত করা যাবে।
হরিগুচি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়নে সরকারের অর্জিত সাফল্যের প্রশংসা করেছেন। তিনি বলেন, সরকারের এসব সফলতার ক্ষেত্রকে জাপান স্বাগত জানাবে এবং সমর্থন দিয়ে যাবে।
