নতুন বাস ভাড়া নিয়ে বিশৃঙ্খলা
সরকার ১ অক্টোবর থেকে বর্ধিত বাস ভাড়া কার্যকর করার ঘোষণা দিলেও বাস মালিক ও শ্রমিকরা শনিবার তা কার্যকর করেনি।
তবে নগরীর বাস মালিক ও শ্রমিকদের একটি গ্রুপ ইতিমধ্যেই বর্ধিত বাস ভাড়া আদায় করতে শুরু করেছে।
বিষয়টিকে অবৈধ এবং তাদের সিদ্ধান্ত বিরোধী আখ্যা দিয়ে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, কেউ বর্ধিত বাস ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তারা বলেন, ‘আমরা নিজেরা বৈঠক করে নতুন বাস ভাড়া কার্যকর করবো।’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সরকার মিনিবাসের প্রতি কিলোমিটারের ভাড়া ৭৫ পয়সার পরিবর্তে ৮৩ পয়সা এবং ৫০ আসনের বাসের ক্ষেত্রে ৭২ পয়সার স্থলে ৮০ পয়সা ভাড়া নির্ধারণ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর বিভিন্ন রুটে বর্ধিত বাস ভাড়া আদায় করা হয়েছে। তবে কোনও কোনও বাসে আগের ভাড়াই তোলা হয়েছে।
বর্ধিত বাস ভাড়া আদায়কারী কন্ডাক্টররা বিডিনিউজকে বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেকই আমরা বর্ধিত বাস ভাড়া আদায় করছি।
বাস-ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান ও বিএনপির এমপি জিএম সিরাজ বিডিনিউজকে বলেন, সরকারের পক্ষ থেকে ভাড়া বাড়ানের পর নির্দিষ্ট রুটে ভাড়া হবে কতো হবে, তা নির্ধরণ করতে শিগগিরই আমরা বৈঠকে বসছি।
তিনি বলেন, আগামী দু/একদিনের মধ্যে নতুন বাস ভাড়া জানিয়ে দেওয়া হবে।
সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ড. এমএ মোমেন বিডিনিউজকে বলেন, বিভিন্ন রুটের ভাড়া ঠিক করে দেওয়ার জন্য বিআরটিএ সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দিয়েছে।
যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা এরই মধ্যে বলেছেন, যদি কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করে, তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দরকার হলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিটও বাতিল করা হবে।
