বাংলাদেশ ও নেপালের মধ্যে ব্যাপক বাণিজ্য হ্রাস
বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাপক হ্রাস পেয়েছে। ১৯৯৪-৯৫ অর্থবছরে উভয় দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১৩ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে ২০০৪-০৫ অর্থবছরে এ পরিমাণ এসে দাঁড়ায় মাত্র ২ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলারে।
নেপালে বাংলাদেশের মেলা উপলক্ষে বাংলাদেশী দূতাবাস ও কাঠমান্ডুতে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত নেপাল-বাংলাদেশ অর্থনৈতিক সহায়তা শীর্ষক সেমিনারে এ কথা বলা হয়।
উক্ত সময়ে দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি হ্রাস পেয়েছে।
২০০৫ অর্থবছরে নেপাল থেকে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ ৩০ শতাংশ হ্রাস পায়।
সেমিনারে বক্তারা বলেন, দেশীয় খাতকে রক্ষার উদ্দেশ্যে দুইদেশ কর্তৃক আরোপিত উচ্চ পর্যায়ের ট্যারিফ, বিশেষ শুল্ক ও শুল্ক বহির্ভুত বাধা উভয় দেশের বাণিজ্য হ্রাসের পেছনে প্রধান কারণ।
বক্তারা দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে বিদ্যমান বাধাসমূহ চিহ্নিত করে তা অপসারণের জন্য একটি টাস্কফোর্স গঠনের দাবি জানান।
সেমিনারে অন্যান্যের মধ্যে নেপালের শিল্প, বাণিজ্য এবং সরবরাহ (এমওআইসিএস) মন্ত্রণালয় সচিব ভারত বাহাদুর থাপা এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মোস্তফা মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
