তুলির মৃত্যু: এক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ
ঢাকার হাজারীবাগ থেকে সাংবাদিক সোহানা পারভীন তুলির লাশ উদ্ধারের ঘটনায় আরেক সাংবাদিককে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
বৃহস্পতিবার তদন্তের অংশ হিসেবে একটি দৈনিকের যুগ্ম বার্তা সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জুকে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।
রমনা বিভাগের উপ কমিশনারের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) শাহেন শাহ বলেন, “একটি জাতীয় দৈনিকের এক সাংবাদিকের সঙ্গে আমরা কথা বলেছি। কিছু তথ্য নিয়েছি। নিহত তুলির বাসায় তার যাতায়াত ছিল। তার সাথে কথা বলে আমরা কিছু তথ্য পেয়েছি। বিষয়টি যাচাই বাছাই করছি।“
এদিকে এদিন ময়নাতদন্ত শেষে তুলির লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বুধবার বেলা সোয়া ৩টার দিকে ঢাকার হাজারীবাগে রায়েরবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সোহানা তুলির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রায়েরবাজারের শেরেবাংলা সড়কে যে ভবনে তুলি ভাড়া থাকতেন সেটির তত্ত্বাবধায়ক আজিমউদ্দীন পুলিশকে জানান, ওই বাসায় তুলি তিন বছর থেকে ভাড়া থাকতেন। তার ছোট ভাই মাঝেমধ্যে আসতেন। মোটরসাইকেল নিয়ে তার এক বন্ধু আসতেন।
ওই তত্ত্বাবধায়কের দেওয়া মোটরসাইকেলের নিবন্ধন নম্বরের সূত্র ধরে সাংবাদিক রঞ্জুকে শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরপর তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ বিষয়ে সাংবাদিক রঞ্জু জানান, পুলিশ ডেকে নিয়ে তার সঙ্গে কথা বলেছে। কর্মকর্তারা যা জানতে চেয়েছেন সেগুলোর সব জবাব দিয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “তাদের বলেছি আমি নির্দোষ, তারা সবরকম তদন্ত করে দেখুক। অনেক জায়গায় লিখেছে আমার মুঠোফোন পুলিশ জব্দ করেছে। আসলে এরকম কিছু হয়নি।“
