২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জাদুঘর প্রাঙ্গণে এনামুল হককে শেষ শ্রদ্ধা

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত প্রত্নতত্ত্ববিদ ড. এনামুল হককে তার সাবেক কর্মস্থল জাতীয় জাদুঘর প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 10:14 PM

Updated : 25 Oct 2022, 10:57 AM

বৃহস্পতিবার সেখানে তাকে গার্ড অব অনার এবং জানাজা শেষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিদায় জানানো হয়।

শ্রদ্ধা জানাতে আসা সকলের পুষ্পস্তবকে ঢেকে যায় এনামুল হকের কফিন। এরপর তার মরদেহ নিজ জেলা শহর বগুড়ার উদ্দেশে নিয়ে যান স্বজনেরা।

ইতিহাস ও প্রত্নতত্ত্ববিদ এবং শিল্পকলা গবেষক এনামুল হক রোববার ঢাকার নিজ বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জাদুঘর প্রাঙ্গণে এনামুল হককে শ্রদ্ধা জানানো শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পদক, একুশে পদক, ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত এনামুল হক একজন বরেণ্য মানুষ ছিলেন।

“তিনি বহু বছর জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন। এর আগে ঢাকা জাদুঘরের দায়িত্বও পালন করেছেন। তিনি শুধু দেশে অবদান রেখেছেন তা নয়, বিদেশেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।

“এমন বরেণ্য মানুষকে যদি আমরা আরও কিছুদিন পেতাম, তিনি জাতীয় জীবনে আরও অবদান রাখতে পারতেন।”

শোক জানিয়ে মন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী বলেন, “এনামুল হকের জীবন থেকে অনেক কিছু শেখার আছে। তার কাছ থেকে যারা যে শিক্ষাগুলো পেয়েছেন, সেগুলো কাজে লাগিয়ে তারাও জাতীয় জীবনে অবদান রাখতে পারবেন।”

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এনামুল হকের আত্মার মাগফিরাত কামনা করেন তার জন্য দোয়া করেন।

তিনি বলেন, “এনামুল হক এত গুণী মানুষ হয়েও অত্যন্ত সদালাপী ছিলেন। দেশের প্রত্নতাত্ত্বিক অঙ্গন নানা ক্ষেত্রে তার কাছে ঋণী হয়ে রয়েছে।”

প্রয়াত এনামুল হকের মেয়ে কবি তৃণা হক, জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, পরিচালক ড. শিহাব শাহরিয়ার, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক মাহবুব আলম প্রমুখ সে সময় উপস্থিত ছিলেন।