২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পালিয়ে থাকায়’ চাকরিচ্যুত সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মন্মথ

কর্মস্থলে যোগ না দিয়ে ‘পালিয়ে থাকায়’ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈ চাকরি হারিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2022, 06:16 PM

Updated : 02 Aug 2022, 01:46 PM

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে বরখাস্ত করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সবশেষ তাকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে সহযোগী অধ্যাপক (সংস্কৃত), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিল  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ সালের ১২ এপ্রিল থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন মন্মথ।

২০০৯ সালে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আট বছর তার এপিএসের দায়িত্বে ছিলেন মন্মথ রঞ্জন বাড়ৈ। সেসময় তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠেছিল।

পরে এপিএসের দায়িত্ব থেকে সরিয়ে তাকে ঢাকা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের দাবি,ঢাকা বোর্ড থেকে তাকে বদলি করা হলে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান এবং এখনও সেখানে অবস্থান করছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, কর্মস্থলে অনুপস্থিত থাকায় সরকারি কর্মচারী বিধিমালায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে বিভাগীয় মামলা করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশের জবাব না পেয়ে এ বিষয়ে তদন্ত শুরু হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

স্থায়ী এবং কর্মস্থলের ঠিকানায় নোটিশ পাঠানোর পর ‘প্রাপক দেশে নাই’ বলে জানায় ডাক বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ‘গুরুদণ্ড আরোপপূর্বক’ চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত হয়, এ বিষয়ে সরকারি কর্ম কমিশনও (পিএসসি) একমত হয়েছে।

পরে মন্মথ রঞ্জন বাড়ৈকে চাকরি থেকে বরখাস্ত করার আদেশে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন বলে জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আরও খবর:

সাবেক শিক্ষামন্ত্রীর ‘পলাতক’ এপিএসকে ‘শোকজ’