বাস চাপায় পুলিশ নিহত: চালক, মালিক গ্রেপ্তার
রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনের সড়কে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় ওই বাস চালক ও মালিককে গ্রেপ্তার করেছে র্যাব।
চালক জাকির হোসেন ও মালিক মো. আলমকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার রাতে র্যাব সদরদপ্তর এক বার্তায় জানিয়েছে।
জাকিরকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং আলমকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের কখন গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি র্যাব।
শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বার্তায় জানানো হয়।
গত সোমবার (৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাংলামটরের দিকে যাওয়ার পথে পুলিশ কনস্টেবল কোরবান আলী (৩৫) বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
তার মোটরসাইকেলকে পেছন থেকে ওয়েলকাম পরিবহনের একটি বাস চাপা দেয়। তখন বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গিয়েছিলেন।
নিহত কোরবান পুলিশের টেলিকম সেন্টারে কর্মরত ছিলেন।
