মগবাজারের বাসায় নার্সের ঝুলন্ত লাশ
রাজধানীর বড় মগবাজারের একটি বাসা থেকে বারডেম হাসপাতালের এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার উপ পরিদর্শক অনাথ মিত্র জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে বড় মগবাজারের একটি বাড়ির দ্বিতীয় তলার বাসার দরজা ভেঙে সেলিনা খাতুন নামে ২৫ বছর বয়সী ওই নার্সের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।
সিনিয়র স্টাফ নার্স সেলিনা নাটোরের বড়াইগ্রাম মশিন্দা গ্রামের সাদেব খানের মেয়ে, তার স্বামী জুয়েল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন; ওই দম্পতির কোনো সন্তান নেই।
তিন মাস আগে সেলিনা ও জুয়েল মগবাজারের ওই ভাড়া বাসায় ওঠেন জানিয়ে এসআই অনাথ মিত্র বলেন, “শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার স্বামী জুয়েল বাড়িওয়ালাকে বলেন, সেলিনা রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। কিছুতেই দরজা খুলছেন না।
“পরে ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাসার প্রধান দরজা এবং ভিতরে আরেকটি রুমের দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখানে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সেলিনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।”
সেলিনার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই জানিয়ে এসআই অনাথ মিত্র বলেন, “স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।"
ময়নাতদন্তের জন্য সেলিনার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
