সরকারি সংস্থার দুর্নীতি রোধে দুদকের সুপারিশ ‘প্রত্যাশা অনুযায়ী’ বাস্তবায়ন হচ্ছে না: চেয়ারম্যান
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগের দুর্নীতির উৎস চিহ্নিত করে তা প্রতিরোধ অথবা দমনে দুদকের সুপারিশ ‘প্রত্যাশা অনুযায়ী’ বাস্তবায়ন হচ্ছে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।
সোমবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে কমিশনের ২০২০ ও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন তুলে দেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার।
সোমবার সংবাদ সম্মেলনে চেয়ারম্যানকে সাংবাদিকরা বলেন, দুর্নীতির উৎস চিহ্নিত করে কমিশন থেকে সরকারের বিভিন্ন দপ্তরে প্রতিবছর বেশ কিছু সুপারিশ করা হলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শোনা যায় না।
এ বিষয়ে মতামত জানতে চাইলে দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, “আমরা আমাদের কাজ চালিয়ে যাব। বাস্তবায়ন করার দায়িত্ব স্ব স্ব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের। তারা করছে কি না এটা দেখার প্রশাসনিক এখতিয়ার দুদকের নেই।
“আমরা মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করেছি, এ সুপারিশগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিশ্চিত করতে তারা যেন কাঠামো তৈরি করে দেয়। কারণ মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিটি মন্ত্রণালয়ের সমন্বয়ক হিসেবে কাজ করে।”
সুপারিশ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, “আমাদের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। এটা আমরা কেবিনেট ডিভিশনে লিখেছি। কেবিনেট ডিভিশন যেন বিষয়টি সমন্বয় করে, সে বিষয়ে অনুরোধ জানিয়েছি।”
একই বিষয়ে দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেন, “অনুসন্ধানী প্রতিবেদনের আলোকে সুপারিশ বাস্তবায়নে আমরা চাপ দিতে পারি না। সেটা দুদকের আগ্রাসন বা ক্ষমতার অপব্যবহার হয়ে যাবে।
“তবে আপনাদের (সাংবাদিক) কাছে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত থাকলে তা যদি আমাদের কাছে উপস্থাপন করেন, তাহলে আমরা সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলতে পারি।”
দুর্নীতি কমেছে কি না, এমন এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “আমাদের অবস্থান থেকে বিষয়টি বলা সহজ নয়। এটা আন্দাজ করতে হবে, আমাদের এমন কোনো মেকানিজম নেই।
“আমাদের ওইভাবে গবেষণা সেলও নেই যে, তার ওপর ভিত্তি করে মন্তব্য করব। সে কারণে আন্দাজ করা ছাড়া উপায় নেই।”
দুদক আইন ২০০৪-এর ২৯(১) ধারা অনুযায়ী প্রতি বছর রাষ্ট্রপতি কাছে বার্ষিক প্রতিবেদন দাখিল করতে হয় দুদককে। মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে গত বছর প্রতিবেদন দাখিল করেনি সংস্থাটি। এ কারণে এবার ২০২০ ও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন একসঙ্গে রাষ্ট্রপতির কাছে পেশ করেছে দুদক।
এবারের বার্ষিক প্রতিবেদনে সরকারের পাঁচটি খাতে দুর্নীতির উৎস ও এর প্রতিরোধে সুপারিশমালা করেছে কমিশন।
প্রতিবেদনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ১০টি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ছয়টি, সাব-রেজিস্ট্রি অফিসে ১০টি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে দুর্নীতির ২৮টি উৎস চিহ্নিত করে সেগুলো বন্ধে সুপারিশ করা হয়।
সংবাদ সম্মেলনে দুদক কমিশনার (তদন্ত) জহিরুল হক, মহাপরিচালক সাঈদ মাহবুব খান ও এ কে এম সোহেল, পরিচালক মীর জয়নুল আবেদন শিবলী, সৈয়দ ইকবাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
