২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণচরে সেনাপ্রধানের যৌথ অনুশীলন পরিদর্শন

নোয়াখালীর সুবর্ণচরের স্বর্ণদ্বীপ এলাকায় একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলন পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 11:57 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে এই যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রায় সোয়া এক ঘণ্টার এই অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে সফলভাবে আক্রমণ অনুশীলন পরিচালনা করেন। 

অনুশীলনে পদাতিক বাহিনীর সঙ্গে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্যাংক, এপিসি, গোলন্দাজ বাহিনী, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডোসহ সকল আর্মস এবং সার্ভিসেস অংশ নেয়।

মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী এবং আর্মি অ্যাভিয়েশনের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারও অংশ নেয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইএসপিআর।

অনুশীলন প্রদর্শন শেষে সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘প্রশিক্ষণই সর্বোত্তম কল্যাণ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত থাকতে হবে।

“এই আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত।” 

অনুশীলন হলে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফয়জুর রহমান। অনুশীলনে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।