দক্ষিণ সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়ে দরবারে সেনাপ্রধান
দক্ষিণ সুদানে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সভা করে তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশে সুনাম বাড়ানোর নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আফ্রিকার দেশটি সফররত জেনারেল শফিউদ্দিন রোববার শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কন্টিনজেন্টের সব পদবির সদস্যদের নিয়ে আয়োজিত দরবারে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বলে সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শনি ও রোববার সেনাপ্রধান ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান ফোর্স হেডকোয়ার্টার্স, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সব বাংলাদেশ কন্টিনজেন্ট, বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি-২১ এবং বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স-৫ পরিদর্শন করেন।
আইএসপিআর জানায়, মিশন এলাকার সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সেনাপ্রধানের কাছে তুলে ধরেন বাংলাদেশের কন্টিনজেন্ট কমান্ডাররা।
“শত প্রতিকূলতার মাঝেও বিদেশের মাটিতে দেশের সুনামকে সমুন্নত রাখতে নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ায় সকল বাংলাদেশি শান্তিরক্ষীদের অভিনন্দন জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি সকল কর্মকর্তাদের বিদেশের মাটিতে দেশের সুনামকে সমুন্নত রাখতে পেশাদারিত্বের সাথে ও নিরলসভাবে কাজ করে যাবার জন্য সকল শান্তিরক্ষীদের নির্দেশ দেন।”
শনিবার ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান ফোর্স হেডকোয়ার্টারস্ পরিদর্শনের সময় সেনাপ্রধানকে ব্রিফিং দেন সেখানে ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মাইন উল্লাহ চৌধুরী।
ব্রিফিং শেষে জেনারেল শফিউদ্দিন ফোর্স হেডকোয়ার্টারস্ ঘুরে দেখেন এবং বিভিন্ন দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরদিন তিনি বিমানে ওয়াউ এলাকায় গিয়ে বাংলাদেশ কন্টিনজেন্টের সব পদবির জন্য আয়োজিত দরবার নেন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন বলে আইএসপিআর জানায়।
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে এখন বাংলাদেশের ১ হাজার ৬২৭ জন সৈন্য রয়েছে।
ছবি: আইএসপিআর
ওয়াউতে বাংলাদেশের শান্তির রক্ষী নির্মিত বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ ক্লাব জেনারেল শফিউদ্দিন উদ্বোধন করেন।
আইএসপিআর জানায়, স্থানীয় যুবসমাজকে নানামুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ যুবশক্তিকে পরিণত করার উদ্দেশ্য নিয়ে এই ইয়ুথ ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে।
ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুদানের ক্রীড়া ও সংস্কৃতিমন্ত্রী মো. আলী গণি, ক্রীড়া মহাপরিচালক গ্যব্রিয়েল সুসান।
সফরকালে ওয়াউয়ের ‘হেড অব অফিস’ স্যাম কুরুটারো মুহুমুরে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে দেখা করেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাক্ষাতকালে স্যাম কুরুটারো মুহুমুরে সেখানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টের প্রশংসা করেন এবং শন্তিরক্ষা মিশনের বিভিন্ন বিষয় নিয়ে সেনাবাহিনী প্রধানের সাথে আলোচনা করেন।”
জেনারেল শফিউদ্দিন গত শুক্রবার দক্ষিণ সুদানে পৌঁছান। সফর শেষে তিনি ২৩ ফেব্রুয়ারি দেশে রওনা হবেন।
