মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি
ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
একুশে ফেব্রুয়ারি প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে দলটি।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় বলাকা সিনেমা হলের সামনে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হবেন এবং কালো ব্যাচ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরাস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের অভিমুখে যাত্রা ও শহীদ মিনার বেদীমূলে শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হবে।”
বিএনপির দুই দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, ২০ ফেব্রুয়ারি আলোচনাসভা এবং ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার ও ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন।
শহীদ দিবসের দিন ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও চেয়ারপারসনের গুলশানের কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করা হবে।
রিজভী জানান, সারাদেশে দলের বিভিন্ন পর্যায়ের ইউনিট স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা করবে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, আমিরুল ইসলাম খান আলীম, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
