২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালের জায়গা না ছাড়লে গুঁড়িয়ে দেওয়া হবে: আতিক

খাল পুনরুদ্ধারে আগের শক্ত অবস্থান পুর্নব্যক্ত করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম দখল করা জায়গা নিজে থেকে ছেড়ে না দিলে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 07:11 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

রোববার ডিএনসিসির আওতাধীন ২৯টি খাল ও রিটেনশন পন্ডের সীমানা নির্ধারণ ও পিলার নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

নিজে থেকে দখলদারদের জায়গা ছেড়ে দিতে অনুরোধ করে তিনি বলেন, খালের জায়গা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো জনগণের জায়গা, জনগণকে ফিরিয়ে দিন।

“জনগণের খাল, জনগণের সম্পত্তি যারা অবৈধভাবে দখল করে বহুতল অট্টালিকা নির্মাণ করেছেন তারা স্বেচ্ছায় খালের জায়গা ছেড়ে দিয়ে চলে যান। নইলে এসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।”

মেয়র আতিক জানান, এ প্রকল্পের আওতায় ডিএনসিসির ২৯টি খাল ও গাবতলী রিটেনশন পন্ডের সীমানা নির্ধারণ ও পিলার স্থাপন করা হবে। এক বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড।

খালের সীমানা নির্ধারণের কাজও সেনাবাহিনী করবে জানিয়ে তিনি বলেন, সীমানা নির্ধারণ হয়ে গেলেই সীমানা অনুযায়ী খালের প্রবাহ ঠিক করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সীমানা পিলার নির্ধারণের কাজ উদ্বোধন করেন।