প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হাসিবুলের যোগদান
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. হাসিবুল আলম।
রোববার তিনি যোগ দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিন সকালে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর ছিদ্দিক। পরে তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় অংশ নেন।
জ্যেষ্ঠ সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল গত ৬ ফেব্রুয়ারি অবসর নেওয়ার পর হাসিবুল আলমকে বুধবার এ মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে হাসিবুল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
আইএসপিআর জানায়, ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া হাসিবুল মাঠপর্যায়েসহ প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেন।
এছাড়া ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) কান্ট্রি প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৬৪ সালে নীলফামারীতে জন্ম নেওয়া এই কর্মকর্তা।
